প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে, যা চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে, এবং পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন সমানভাবে বরাদ্দ রয়েছে।
মোট আসনের এই বিন্যাসের মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীন ‘এ’ ইউনিটে ৪২৪টি আসন রয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীন ‘সি’ ইউনিটে ৪০২টি, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধীন ‘বি’ ইউনিটে ৩৯৬টি এবং জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ডি’ ইউনিটে ৩১৬টি আসন রাখা হয়েছে।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘ই’ ইউনিটে ১৭৬টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ৭০টি এবং নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীন ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ইউনিটভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক এবং মোট জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ইউনিটে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। অন্যদিকে ‘ডি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন। ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ নির্ধারণ করা হয়েছে। ‘সি১’ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ প্রয়োজন। ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ চাওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার জন্য সময় থাকবে ৫৫ মিনিট।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.juniv.edu থেকে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন