প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রতিটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ এবং যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনা জারি করা হয়েছে। আপিলের ক্ষেত্রে প্রয়োজন হলে এসব ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি জেলায় আলাদা মিডিয়া সেল গঠন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত অক্টোবরে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা প্রকাশ করেছে। সম্প্রতি একটি পরিপত্রের মাধ্যমে এসব নির্দেশনা জানানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিওগুলো জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জেএম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় মামলার নম্বর ও তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি অনুলিপি জেলা পর্যায়ের মিডিয়া সেলে পাঠানোর নির্দেশও রয়েছে।
জব্দ করা মালামাল নিরাপদে সংরক্ষণের জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নির্দিষ্ট স্থানে বা কক্ষে রাখার ব্যবস্থা করতে হবে। জব্দকৃত মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হবে। নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার তৈরি করে জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে ওই রেজিস্টারে স্বাক্ষর করবেন।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামাল দীর্ঘদিন গুদামে রাখা যাবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে এসব মালামাল দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি অথবা সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এর মধ্য থেকে নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে, যাতে আপিলের শুনানিতে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা যায়।
জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের অধীনস্থ কর্মচারীদের মধ্যে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন। এসব কর্মচারীর দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
প্রতিটি জেলায় গঠন হবে মিডিয়া সেল
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রতিটি জেলায় একটি করে মিডিয়া সেল গঠন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা একজন ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে এই সেল তৈরি করা হবে।
মিডিয়া সেল ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করবে। পরে এসব ছবি ও ভিডিও সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নথিভুক্ত করা, জব্দ করা মালামালের সঠিক ব্যবস্থাপনা, আপিলের ক্ষেত্রে আইনি সহায়তা এবং কার্যক্রমের প্রচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন