প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, "কৃষি হচ্ছে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি।" তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকরা যাতে সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কৃষির আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সহযোগিতার মাধ্যমে দেশকে খাদ্যে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি আশ্বস্ত করেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পেয়ে উপকৃত হবেন উপজেলার ২ হাজার ৫০০ কৃষক। এ উদ্যোগের ফলে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন