প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ইতিহাসে একটি নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর ফলে অ্যানথ্রপিক শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম ফ্রন্টিয়ার এআই কোম্পানি হয়ে উঠতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসডাকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছে। শেয়ারপ্রতি ৭০ থেকে ৭৮ ডলার দাম নির্ধারণের পরিকল্পনা থাকলেও বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে শেষ পর্যন্ত দাম বাড়ানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিওর মাধ্যমে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহের পাশাপাশি অ্যানথ্রপিক বেসরকারি বিনিয়োগ থেকে আরও ২৬ বিলিয়ন ডলার পেয়েছে। ফলে কোম্পানিটির মোট সংগ্রহ করা অর্থের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলারের বেশি দাঁড়িয়েছে। এনভিডিয়া, মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, এএমডি, ব্রডকম, মাইক্রন ও টিএসএমসি বেসরকারি বিনিয়োগে অংশ নিয়েছে।
আইপিও ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন শেয়ারটির অনানুষ্ঠানিক লেনদেনেও দেখা গেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজি মার্কেটস ও সিএমসি মার্কেটস জানিয়েছে, ওভার-দ্য-কাউন্টার গ্রে মার্কেটে অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রায় ২৬ শতাংশ বেড়েছে।
অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেককে এআই শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রযুক্তিটি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে—এমন প্রত্যাশার পাশাপাশি এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, ঋণের বোঝা এবং বাজারে কৃত্রিম উত্থানের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে এআই অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে ভবিষ্যতে কতটা মুনাফা পাওয়া যাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। একই খাতের বিভিন্ন কোম্পানি, চিপ নির্মাতা ও ক্লাউড সেবাদাতাদের মধ্যে জটিল বিনিয়োগ চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা এসব চুক্তির মাধ্যমে একই শিল্পের অর্থ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরে ফিরে প্রবৃদ্ধি বাড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন।
তবে এসব উদ্বেগের মধ্যেও অ্যানথ্রপিক দ্রুত ব্যবসা সম্প্রসারণ করছে। অ্যামাজন ও গুগলের মতো অংশীদারদের সঙ্গে কোম্পানিটির প্রায় ৯০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে। এসব চুক্তি ভবিষ্যতে এআই মডেল পরিচালনা ও উন্নয়নের জন্য বিপুল কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতেই করা হয়েছে।
শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেককে এআই খাতের অন্যান্য কোম্পানির জন্যও একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ২০২৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে বলে খবর রয়েছে। ফলে অ্যানথ্রপিকের শেয়ারের দর ও বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া এআই কোম্পানিগুলোর ভবিষ্যৎ বাজারমূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
তবে প্রবৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা ও মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকিও সামলাতে হবে কোম্পানিটিকে। উন্নত এআই মডেল সাইবার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং অসাধু ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অবকাঠামোতে হামলার কাজে এসব প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে উদ্বেগ রয়েছে।
অ্যানথ্রপিক তাদের আইপিও প্রসপেক্টাসে সতর্ক করে বলেছে, এআই অপ্রত্যাশিত আচরণ করতে পারে এবং এর উন্নয়ন নিয়ন্ত্রণব্যবস্থার চেয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। এর ফলে মানবজাতির জন্য বিপর্যয়কর এমনকি অস্তিত্বসংকটের ঝুঁকিও তৈরি হতে পারে।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, অ্যানথ্রপিকের এই আইপিও শুধুমাত্র একটি কোম্পানির শেয়ারবাজারে প্রবেশ নয়; বরং এআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা, বিনিয়োগের যৌক্তিকতা এবং ঝুঁকি নিয়ে ওয়াল স্ট্রিটের আস্থারও একটি বড় পরীক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন