প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে তরুণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’ এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে গত ১৬ নভেম্বর এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আয়ুব আলী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমেদ খান। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ম্যানেজার কে.এ.এম. তাজুল হাসান।
মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ডিজিটাল মার্কেটিং, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ প্রস্তাব প্রস্তুতকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষক ও মেন্টরদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের সুযোগ পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে এই উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের পাশাপাশি দেশের এসএমই খাতের উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন