প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। তাঁর টেস্ট ক্যারিয়ার শেষ হলো ভারতের হয়ে ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল ভারতের হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ।
মোহাম্মদ শামি রঞ্জি ট্রফিতে বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। লাল বলের ক্রিকেটে ফেরার জন্য তিনি লড়াই চালিয়ে গেলেও জাতীয় দলের দরজা আর তাঁর সামনে খোলেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়া তাই অভিজ্ঞ পেসারের কাছে একটি বড় ধাক্কা ছিল। হয়তো সেই আঘাতের কারণেই তিনি শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন।
ইনস্টাগ্রামে অবসরের কথা জানিয়ে শামি লেখেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু এই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কখনও বিদায় জানাতে পারব না। প্রথম বার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা। তার পর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিবার ফিরে আসা আমাকে নতুন কিছু শিখিয়েছে।’
শামি স্পষ্ট করেছেন যে টেস্ট ক্রিকেট তাঁর কাছে শুধুমাত্র একটি খেলার ফরম্যাট ছিল না। তাঁর দাবি, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট ছিল না। এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আজ অনেক সুন্দর স্মৃতি আর ভারাক্রান্ত মন নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। এই দীর্ঘ যাত্রায় আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো ও খারাপ, সব সময়েই যাঁরা আমার পাশে থেকেছেন এবং আমার উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেসার হিসেবেই টেস্ট কেরিয়ার শেষ করলেন শামি। প্রায় এক দশক ধরে ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নিখুঁত সিম পজিশন এবং যেকোনো পিচ থেকে বল সুইং করানোর ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
অবসর ঘোষণার বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও (সিএবি) ধন্যবাদ জানিয়েছেন শামি। তিনি লিখেছেন, ‘আমার প্রতিভার উপর বিশ্বাস রাখার জন্য, নিজেকে আরও ভালো করে তোলার সুযোগ দেওয়ার জন্য এবং আমার ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য বিসিসিআই ও সিএবি-কে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন ও বিশ্বাস আমার কাছে সব সময় বিশেষ জায়গা করে থাকবে।’
শামি আরো লিখেছেন, ‘মাঠে আমার শেষ টেস্ট বলটি হয়তো করা হয়ে গিয়েছে। কিন্তু দেশের হয়ে খেলার গর্ব আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন