প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ছিলেন পর্দায় দাপুটে উপস্থিতি, অন্যদিকে পোশাক শিল্পে তার ব্যবসা ছিল শত কোটি টাকার। দুই অঙ্গনে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে। অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই। ব্যবসায়ও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। বর্তমানে তিনি শত শত কোটি টাকার ঋণের বোঝা, বন্ধ হয়ে যাওয়া কারখানা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই চিত্রনায়ক।
এমনকি পাওনা টাকা আদায়ে এবার অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষার বিরুদ্ধে একটি বেসরকারি ব্যাংক আইনি নোটিশ পাঠিয়েছে।
ব্যাংকের দাবি, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দিতে তাকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছে। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অংকের দেনা তৈরি হয়েছে।
শুধু ব্যাংক ঋণ নয়, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস।
অনন্ত জলিলের ভাষ্য, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাক শিল্পে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। এরপর একে একে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে, যেখানে তার সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা।
পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড। চলচ্চিত্রের পর্দায় সফলতার স্বপ্ন দেখানো এই তারকার ব্যবসায়িক সাম্রাজ্য বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
একদিকে শত শত কোটি টাকার ঋণের বোঝা, অন্যদিকে কারখানা ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ব্যাংকের আইনি নোটিশের পর অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য শেষ পর্যন্ত কোন পথে এগোবে, সেটি এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন