প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আবাসস্থল রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায় অবস্থিত।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে।
একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার জন্য ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা সহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শিবগঞ্জের হাটপাড়া এলাকায় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতারের পর তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে নওদাপাড়া থেকে হেরোইনসহ গ্রেফতার ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়। এসআরবি জানায়, এই সময়ে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন