প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে মধ্য ইউরোপের চারটি দেশ নিয়ে গঠিত ভিসেগ্রাদ গ্রুপের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সহযোগিতা রাজনৈতিক, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।
ভিসেগ্রাদ গ্রুপ বা ভি৪-এর সদস্য দেশগুলো হলো পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। এনডিটিভি সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রথমবারের মতো ভারত ও ভি৪ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি নতুন ‘ভি৪+ইন্ডিয়া’ কাঠামোয় অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জয়শঙ্কর এটিকে ‘নতুন ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, মহাকাশ, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
আরো পড়ুন
জয়শঙ্কর জানান, ভারত ও ভি৪ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিবছর বৈঠক করবেন। এ বিষয়ে পাঁচ দেশের মধ্যে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে প্রতিবছর একটি ব্যবসায়িক ফোরাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত ও চার ইউরোপীয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে বৈঠকে আলোচনা করা হয়েছে। জয়শঙ্কর বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আরো গভীর হচ্ছে, তখন ভিসেগ্রাদ গ্রুপের সঙ্গেও বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে নিয়মিত রাজনৈতিক যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জয়শঙ্কর বলেন, ভি৪-এর চার দেশের সঙ্গেই ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করা এবং বহুপক্ষীয় ব্যবস্থাকে সমর্থনের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।
বৈঠকে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি, হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান, স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার এবং চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী পেত্র মাচিনকা অংশগ্রহণ করেন। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি। স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার বলেন, ভিসেগ্রাদ গ্রুপের চার দেশই ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে। তিনি ভারতকে বৈশ্বিক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে থাকা উচিত। ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ চেয়ে আসছে। একই সঙ্গে পরিষদের কাঠামো সংস্কার করে এর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়ে আসছে নয়াদিল্লি।
আরো পড়ুন
বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এ পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। এর বাইরে ১০টি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য নির্বাচিত হয়। ভি৪ দেশগুলোর সমর্থন ভারতের দীর্ঘদিনের দাবির পক্ষে আরো একটি আঞ্চলিক জোটের অবস্থানকে সামনে এনেছে। তবে শুধু এই সমর্থনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন হচ্ছে না। পরিষদের সদস্যসংখ্যা বা স্থায়ী সদস্যপদ বাড়াতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে আরো আলোচনা এবং জাতিসংঘ সনদে পরিবর্তন প্রয়োজন। ভারত ও ভি৪ দেশগুলোর মধ্যে শুধু দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাও উঠে এসেছে।
এর মধ্যে ইউক্রেনের যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি ছিল। আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রীরা। উল্লেখ্য যে, ভিসেগ্রাদ গ্রুপ মধ্য ইউরোপের চার দেশ—পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের একটি আঞ্চলিক জোট। ১৯৯১ সালে হাঙ্গেরির ভিসেগ্রাদ শহরে চার দেশের নেতাদের বৈঠকের পর এই জোটের যাত্রা শুরু হয়। ওই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশগুলো সোভিয়েত প্রভাব থেকে বেরিয়ে আসছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন