প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সংঘটিত হয়। এ ঘটনায় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভিতরে ঘটে।
মিজু অভিযোগ করেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করেন। হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এএম শোয়াইব।
সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে দুই গ্রুপের মাঝে একে অপরকে হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটে। মিছিল শেষ করে হলে ফেরার সময় আবার হলের ভিতরে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের ৩য় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী মেজবাউল হক মিজু জানান, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তারা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলেন, তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন তাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।
তিনি আরও বলেন, এএম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়েছিলেন গতকাল (বুধবার) আর আজকে তার ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা তার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যে কোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই তারা সেন্ট্রাল থেকে অনুমতি নেন। আজ যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের সঙ্গে নিয়ে মিছিল করতে বের হন, তখন তাদের জিজ্ঞেস করেন যে তারা অনুমতি নিয়েছেন কিনা। সেই সময় মিজু তার উত্তরে বলেন যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন তার এবং সিফাতসহ কয়েকজনের উপরে হামলা করে। তারা ওই সময় হামলা প্রতিহত করতে থাকেন। এরই মাঝে তাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছেন। গত ৫ নভেম্বর একইভাবে তাদের ওপর হামলা করে মিজুর অনুসারীরা।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, তারা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই। যিনি অভিযোগ করেছেন, তার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। তার বাড়ি ময়মনসিংহে হওয়ায় অনেকে মনে করেন, তিনি হয়তো এলাকার প্রভাব খাটান। তবে ওই ঘটনার সময় তিনি ক্যাম্পাসেও উপস্থিত ছিলেন না।
ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যায়। হয়তো আজও এমনটিই হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব বলেন, তার এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম উলটাপালটা অভিযোগ দিচ্ছে। আর মিজু ছাত্রলীগের অনুসারী, সে ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তাই ছাত্রলীগকে হাইলাইট করার জন্য এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এরকম অভিযোগ দিচ্ছে। আর হলের সিসি টিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে তার নেতৃত্বে কিছু হয়েছে কিনা। তিনি এটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না। যেহেতু তাদের কথা মতে দুই পক্ষেরই দোষ রয়েছে। তারা তাদের হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চান যে আসল দোষী এখানে কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন