প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ক্র্যাব সদস্যদের সন্তানদের জন্য রোবোটিক্স নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ক্র্যাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, কারামা সলিডারিটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা।
প্রযুক্তি ও আধুনিক রোবোটিক্সে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার উদ্দেশ্যে ‘ROBOTGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় রোবোটিক্স ও ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে আয়োজকদের ভাবনা তুলে ধরা হয়।
উদ্বোধনী বক্তব্যে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও চিফ ডিরেক্টর দাউদ আহমেদ সাদ বলেন, ‘রোবট আমরা তৈরি করি প্রযুক্তি দিয়ে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করি আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সাহস দিয়ে।
’ তিনি তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ কর্মশালার উদ্বোধন করে বলেন, প্রযুক্তির দুনিয়ায় আগামী দিনের নেতৃত্ব দেবে এআই ও রোবোটিক্স। তরুণ শিক্ষার্থীদের রোবোটিক্স বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি জানান, ক্র্যাব সদস্যদের সন্তানদের জন্য ভবিষ্যতে এআই ও কোডিং বিষয়ে আরও প্রশিক্ষণের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে কারামা সলিডারিটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তিজ্ঞান ছড়িয়ে দিতে তরুণ সমাজকে আরও বেশি কাজ করতে হবে। তিনি ক্র্যাব ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগের প্রশংসা করেন।
উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি রামিশা হোসেন দিহা বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই আয়োজন সম্ভব হয়েছে। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সংগঠনটির কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব অপারেশনস আশিকুজ্জামান দীপন বলেন, অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় কর্মশালাটি সফল হয়েছে।
দিনব্যাপী কর্মশালায় তরুণদের হাতে-কলমে রোবোটিক্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন্স তানজিরুল ইসলাম তুর্য এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল ফাইনালস ২০২৪ ও ২০২৫-এর সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী আফিয়া হুমায়রা।
প্রশিক্ষণে রোবোটিক্সের মৌলিক বিষয় থেকে শুরু করে বাস্তবভিত্তিক প্রজেক্ট ডিজাইনিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালার সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা।
আয়োজকদের আশা, এ ধরনের কর্মশালা বাংলাদেশের তরুণদের বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে রোবোটিক্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন