প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট, যা একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, বাজেট অনুমোদন, প্রশাসনিক জবাবদিহি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্যতম প্রধান ফোরাম, দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর অন্তত একবার সিনেটের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেই সিনেটের অধিবেশন গত এক দশক ধরে অনুষ্ঠিত হয়নি। এক বছর বা দুই বছরের কথা নয়, টানা প্রায় দশ বছর ধরে সিনেটের কোনো অধিবেশন বসেনি।
সর্বশেষ ২০১৬ সালের ১৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের ২২তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রশাসন এসেছে, উপাচার্য বদলেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সিনেটের নিয়মিত অধিবেশন আর অনুষ্ঠিত হয়নি।
সিনেট ভবনে বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলেও, সিনেটের মূল কাজ, অর্থাৎ অধিবেশন বসানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও সাম্প্রতিক বছরগুলোতে সিনেট ভবনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের তথ্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশের ২১ নম্বর ধারা অনুযায়ী, উপাচার্য বছরে অন্তত একবার সিনেটের সভা ডাকবেন। অধ্যাদেশের ২০(১) ধারা অনুযায়ী, সিনেটের সদস্য সংখ্যা ১০৫ জন। উপাচার্য পদাধিকারবলে সিনেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, এবং উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ সদস্য এবং রেজিস্ট্রার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, সরকারের মনোনীত পাঁচজন, স্পিকারের মনোনীত পাঁচজন সংসদ সদস্য, আচার্যের মনোনীত পাঁচজন শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা সংস্থার পাঁচজন প্রতিনিধি, শিক্ষা পরিষদ মনোনীত পাঁচজন কলেজ অধ্যক্ষ, শিক্ষা পরিষদ মনোনীত ১০ জন কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত শিক্ষা বোর্ডের দুই চেয়ারম্যান, নিবন্ধিত গ্র্যাজুয়েটদের ভোটে নির্বাচিত ২৫ জন, শিক্ষকদের ভোটে নির্বাচিত ৩৩ জন এবং শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের অচলাবস্থা নতুন নয়। এর আগে ২০০১ সালের ২৮ ও ২৯ জুন ২০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ১৪ বছর আর কোনো অধিবেশন হয়নি। পরে ২০১৫ সালের ১৮ মে ২১তম অধিবেশনের মধ্য দিয়ে সেই অচলাবস্থা ভাঙেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দীন।
এর এক বছর পর, ২০১৬ সালের ১৯ মে, তার সভাপতিত্বে ২২তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সেটিই এখন পর্যন্ত রাবি সিনেটের সর্বশেষ অধিবেশন।
দীর্ঘদিন পর ২০২৫ সালের ১৬ অক্টোবর রাকসু ও সিনেট শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটে পাঁচজন শিক্ষার্থী সিনেট সদস্য নির্বাচিত হন। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়, এবার হয়তো সিনেটের অচলাবস্থার অবসান হবে।
তবে নির্বাচনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নির্বাচিত শিক্ষার্থীদের শপথ হয়নি। অনুষ্ঠিত হয়নি সিনেটের কোনো অধিবেশনও। ফলে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও সিনেটের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়নি তাঁদের।
রাকসুর সহসভাপতি (ভিপি) ও সিনেট সদস্য মোস্তাকুর রহমান জাহিদ বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আরটিভিকে বলেন, "শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও তাদের শপথ না হওয়া এবং সিনেটের অধিবেশন অনুষ্ঠিত না হওয়া বিব্রতকর।"
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় সিনেট একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম। বিশ্ববিদ্যালয়ের বাজেট, প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত এবং উপাচার্য নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সিনেটের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
সিনেটের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও তিনবারের সাবেক ডিন ড. ফজলুল হক আরটিভিকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সিনেট কার্যকর হওয়া প্রয়োজন। অনেক দিন ধরেই সিনেট বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা মনে করে, শুধু শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তাই সিনেট দরকার—বিষয়টি এমন নয়। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই সিনেটেই গ্রহণ করা দরকার।"
দীর্ঘদিন ধরে সিনেটের কার্যক্রম অচল থাকায় দ্রুত এটি সচল করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নির্বাচিত সিনেট প্রতিনিধিরা। তাদের মতে, সিনেট সক্রিয় হলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণে বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতাও বাড়বে।
বিশেষ করে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি এখনো শপথ না নেওয়ায় দ্রুত শপথ আয়োজন এবং সিনেটের অধিবেশন আহ্বানের দাবি আরও জোরালো হয়েছে।
রাকসুর এজিএস ও সিনেট সদস্য সালমান সাব্বির আরটিভিকে বলেন, "সিনেট দীর্ঘদিন অকার্যকর থাকলেও সেখানে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছিল না। রাকসু নির্বাচনের মাধ্যমে এবার আমরা পাঁচজন শিক্ষার্থী সিনেট সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত সিনেট কার্যকরের কোনো দৃশ্যমান উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। বিগত ও বর্তমান প্রশাসনের সঙ্গে একাধিকবার এ বিষয়ে কথা বললেও তারা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে গেছে। এটি প্রশাসনের সদিচ্ছার অভাব। আমরা দ্রুতই সিনেট কার্যকর চাই।"
দীর্ঘ প্রায় এক দশক ধরে সিনেটের কোনো অধিবেশন না হওয়ায় কবে এই অচলাবস্থার অবসান হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নতুন করে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হলেও তাদের শপথ ও সিনেটের অধিবেশন এখনো অনুষ্ঠিত হয়নি। ফলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার পরও সিনেট কার্যকর না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জবাবদিহি ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের সভাপতি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম আরটিভিকে বলেন, "সিনেট কার্যকরের বিষয়টি আমরা চিন্তাভাবনায় রেখেছি। আশা করি, কিছুদিনের মধ্যেই সিনেটের অধিবেশন আয়োজন করতে পারব। কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করে যত দ্রুত সম্ভব আমরা সিনেটের কার্যক্রমের দিকে এগোচ্ছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন