প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করা মধ্য আমেরিকার প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীর একটি বহরকে আটকে দেওয়ার চেষ্টা করেছে মেক্সিকো।
মঙ্গলবার, দেশটির কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে।
গত তিন দিনের মধ্যে এটি ছিল অভিবাসনপ্রত্যাশীদের দ্বিতীয়বারের মতো বহর গঠন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা। এর আগে রোববার, প্রায় এক হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি বড় বহর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মেক্সিকোতে প্রবেশ করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, গুয়াতেমালার সঙ্গে মেক্সিকোর দক্ষিণ সীমান্তে সুচিয়াতে নদী পার হওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের পথ আটকে দাঁড়ায় দেশটির ন্যাশনাল গার্ড, অভিবাসন কর্তৃপক্ষ ও পুলিশ।
চিয়াপাস অঙ্গরাজ্যের একটি সড়কে তাদেরকে অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিবাসনপ্রত্যাশীদের ঘিরে ফেললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
সীমান্তের সবচেয়ে কাছের শহর তাপাচুলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ সময় প্রায় ৪০ জনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি নিশ্চিত করতে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
এর আগে রোববার সন্ধ্যায়, প্রায় এক হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি বহর কোনো বাধার মুখে না পড়েই সীমান্ত অতিক্রম করে মেক্সিকোতে প্রবেশ করে। তারা তাপাচুলা শহরে কিছুক্ষণ অবস্থান করার পর আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে যুক্তরাষ্ট্রের সীমান্ত কার্যত বন্ধ রয়েছে।
রোববার মেক্সিকোতে প্রবেশ করা নিকারাগুয়ার ৪৭ বছর বয়সী অভিবাসনপ্রত্যাশী সিজার স্যান্ডোভাল বলেন, ‘আমাদের গন্তব্য যুক্তরাষ্ট্র।’
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘আরেকটি সুযোগ’ পাওয়ার আশা করছেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অজনপ্রিয় ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল বড় ধরনের ধাক্কা খেয়েছে। টেক্সাস, কানসাস ও ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটদের কাছে আসন হারিয়েছে দলটি।
স্যান্ডোভাল আরও বলেন, ‘আমরা আশা করি, তারা মনে রাখবেন, হিস্পানিক ও লাতিনো জনগোষ্ঠীর সন্তানদের ভোটেই তারা সিনেট ও কংগ্রেসে যাওয়ার সুযোগ পেয়েছেন।’
এ কথা বলার পর তিনি আবারও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
অভিবাসনপ্রত্যাশীদের এই দলে অনেক পরিবার রয়েছে। তাদের সঙ্গে শিশু ও পোষা কুকুরও রয়েছে।
নিজেদের জিনিসপত্র সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছের একটি মহাসড়ক ধরে তাঁরা হেঁটে এগিয়ে যাচ্ছেন। তাঁদের কারও কারও হাতে ছিল হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালার জাতীয় পতাকা।
সেপ্টেম্বরের পর থেকে এটি যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় মধ্য আমেরিকার অভিবাসনপ্রত্যাশীদের তৃতীয় বহর। এর আগে গঠিত অন্য দুটি বহর চিয়াপাস অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা ছাড়ার আগেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তাদের অস্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র দেয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ও পরবর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও কাগজপত্রহীন অভিবাসীদের এসব বহর নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ৩৮ বছর বয়সী গুয়াতেমালার নাগরিক ক্রিস্তিয়ান পাবলো নিজের দেশের পতাকা হাতে বলেন, ‘এই যাত্রায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। গুয়াতেমালের চেয়ে যুক্তরাষ্ট্রে ভালো সুযোগ-সুবিধা পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন