প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত, বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ এবং খাদ্যসংকটের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ৭১০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থের একটি উল্লেখযোগ্য অংশ আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এই সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, "সংঘাত, চরম আবহাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন সংকটে পড়েছে।"
প্যাকেজের ৩৮০ মিলিয়ন ইউরো আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে অভিবাসন-সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং পুনর্বাসন, পাশাপাশি বাস্তুচ্যুত মানুষ ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, ওই অঞ্চলে সংঘাত, খাদ্যসংকট, অপুষ্টি ও জলবায়ুজনিত সংকট মোকাবিলায় আরও ৯৭ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। এর একটি অংশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও আশপাশের দেশগুলোতে ইবোলা মোকাবিলায় ব্যবহৃত হবে।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলা ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ইউরোপীয় ইউনিয়ন ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে এবং আফ্রিকার বৃহৎ হ্রদ অঞ্চল হিসেবে পরিচিত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে ১০ মিলিয়ন ইউরো দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত, মানবিক সংকট ও পরিবেশগত সমস্যার প্রভাবের সম্মুখীন।
ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননে ঝুঁকিপূর্ণ জনগণের সহায়তায় ১০৩ মিলিয়ন ইউরো এবং ইউক্রেনে মানবিক সহায়তা ও জরুরি প্রস্তুতির জন্য ৫২ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।
একই সময়ে, বৈশ্বিক স্বাস্থ্য ও পুষ্টি খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। এর মধ্যে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য ও পুষ্টি খাতে বেসরকারি বিনিয়োগে সহায়তা, কলম্বিয়ায় টিকা ও জৈব ওষুধ উৎপাদন সম্প্রসারণে ঋণ এবং ইথিওপিয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬০ মিলিয়ন ইউরোর বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মানবিক সহায়তা খাতে কমিশনের বরাদ্দ ২ দশমিক ৫ বিলিয়ন ইউরোর বেশি। নতুন প্যাকেজের মাধ্যমে সংঘাত, দুর্যোগ ও অন্যান্য সংকটে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা আরও বিস্তৃত হবে। তথ্যসূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন