প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুদসিয়া বাগ একটি বিশাল উদ্যান কমপ্লেক্স, যা পুরনো দিল্লির প্রান্তসীমায় অবস্থিত। এর অবস্থান কাশ্মীরি গেটের নিকটবর্তী। একসময় এখানে ছিল প্রাসাদ ও উদ্যানের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশাল স্থাপনা। কুদসিয়া বেগম, যিনি মোগল সম্রাট মুহাম্মদ শাহের তৃতীয় স্ত্রী এবং সম্রাট আহমদ শাহ বাহাদুরের মা, এই বাগানটি নির্মাণ করেন। কুদসিয়া বাগ, যা একসময় বিশাল ও সুন্দর ছিল, আজ তার আয়তন, সৌন্দর্য ও গুরুত্ব সবই হারিয়েছে। বর্তমানে সুবিশাল বাগান কমপ্লেক্সের মাত্র ২০ একর জায়গা অবশিষ্ট রয়েছে। কিছু ভগ্নপ্রায় স্থাপনা এখনো মোগল আভিজাত্য ও রুচিবোধের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
মোগল হেরেমে কুদসিয়া বেগমের আগমন হয়েছিল একজন বিনোদনকর্মী হিসেবে। সৌন্দর্য, গুণাবলি ও বুদ্ধিমত্তার কারণে তিনি সম্রাটের স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। বিয়ের আগে তাঁর নাম ছিল উধম বাঈ, এবং তিনি ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে, মুহাম্মদ শাহের প্রথম দুই স্ত্রী তাঁকে জীবিত কোনো উত্তরাধিকারী দিতে পারেননি। এর পর তিনি উধম বাঈকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।
কুদসিয়া বেগমের স্বামী নাসিরুদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন একজন অদক্ষ ও বিলাসী সম্রাট, যিনি জনসাধারণের কাছে ‘রঙ্গিলা’ নামে পরিচিত ছিলেন। ১৭৪৮ সালে মুহাম্মদ শাহের মৃত্যুর পর কুদসিয়া বেগমের ছেলে আহমদ শাহ বাহাদুর সম্রাট হন। বিধবা হওয়ার পর তিনি ‘কুদসিয়া বেগম’ উপাধি গ্রহণ করেন। ১৭৪৮ থেকে ১৭৫৪ সাল পর্যন্ত ছয় বছর তিনি ছেলের পক্ষে মোগল সাম্রাজ্য শাসন করেন। শাসনামলের প্রথম বছরে তিনি লালকেল্লার দরবারি রাজনীতির কোলাহল থেকে দূরে নিজের জন্য একটি স্বতন্ত্র প্রাসাদ ও উদ্যান কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেন, যার নাম দেওয়া হয় কুদসিয়া বাগ। ১৭৫৪ সালে কুদসিয়া বেগমকে তাঁর ছেলেসহ দিল্লির সালিমগড় দুর্গে বন্দি করা হয়। ১৭৬৫ সালে তাঁর মৃত্যুর পর বিশাল প্রাসাদ-উদ্যানটি ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বর্ণনায় উঠে এসেছে এই প্রাসাদ-উদ্যানের সৌন্দর্য ও জৌলুসের কথা। মোগল দরবারে কম্পানির প্রতিনিধি স্যার টমাস মেটকাফ প্রাসাদসহ বাগানটির একটি বিস্তারিত নকশা তৈরি করেছিলেন, যা বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
জৌলুসের স্বর্ণযুগে কুদসিয়া বাগ ইউরোপের সমকালীন রাজপ্রাসাদের উদ্যানগুলোর সঙ্গে পাল্লা দিত। কুদসিয়া বাগ নির্মাণ করা হয়েছিল পারস্যের ধ্রুপদি ‘চারবাগ’ রীতিতে, যেখানে উদ্যানকে চারটি সমান ও প্রতিসম অংশে বিভক্ত করা হয় এবং সেগুলোর মধ্য দিয়ে পানির নালা প্রবাহিত হয়। কুদসিয়া বাগ নির্মাণে ব্যবহার করা হয়েছে লাখৌরি ইট, যা বর্তমানে ব্যবহৃত ইটের তুলনায় অনেক বেশি পাতলা ও চ্যাপ্টা ছিল। মধ্যযুগের কারিগররা চুনের প্রলেপের ওপর হাতে খোদাই করে নকশা তৈরি করতেন, যা ‘স্টাকো ওয়ার্ক’ নামে পরিচিত। কথিত আছে, এই প্রাসাদ-উদ্যান কমপ্লেক্সটির চারপাশে বিশাল দেয়াল নির্মাণ করা হয়েছিল।
যমুনাপারের প্রধান ফটক দিয়ে বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে একটি মিনার বা টাওয়ারের দোতলা অংশের ধ্বংসাবশেষ এবং এর সঙ্গে সংযুক্ত দেয়ালের কিছু অংশ। এই করুণ ধ্বংসাবশেষের মধ্যেও স্থাপনাগুলো নির্মাণে ব্যবহৃত সূক্ষ্ম কারুকাজ যেন তার সোনালি সময়ের সাক্ষ্য দেয়। অবশিষ্ট উদ্যানে এখনো বাহারি গাছের দেখা মেলে, যা থেকে ধারণা পাওয়া যায় নির্মাণকালে এর বৃক্ষবৈচিত্র্য কত বিপুল ছিল। এখানকার সবুজ চত্বরে ময়ূরসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ ছিল বলেই বর্ণনা পাওয়া যায়।
উদ্যান কমপ্লেক্সের ভেতরে ব্রিটিশ আমলে নির্মিত একটি বাংলো রয়েছে, যা বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ গুদামঘর হিসেবে ব্যবহার করছে। জনশ্রুতি আছে, এখানেই একসময় কুদসিয়া বেগমের হাতিশালা ছিল। উদ্যানে প্রবেশের প্রধান ফটকটি হাতি দরওয়াজা নামে পরিচিত। ফটকটি লাখৌরি ইট দিয়ে নির্মিত, যার বাইরের অংশ লাল বেলেপাথর দিয়ে আবৃত এবং ওপরের পৃষ্ঠে চুনের প্রলেপ দেওয়া হয়েছে। দেয়ালজুড়ে রয়েছে চমৎকার স্টাকো কারুকাজ। ফটকটির ওপরের খিলানগুলোতে ফুলের নকশা রয়েছে এবং দুই পাশে দেখা যায় অলংকারস্বরূপ নির্মিত দুটি ছোট মিনারের ধ্বংসাবশেষ।
প্রধান ফটকের অপর পাশেই একটি চমৎকার ভবন রয়েছে, যা বেশ বড়। স্থাপনাটি দেখেই বোঝা যায় একসময় এখানে অনেকগুলো কক্ষ ও করিডর ছিল। প্রধান দরজাগুলো কাঠের তৈরি ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। কুদসিয়া বাগ কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত শাহি মসজিদ (রাজকীয় মসজিদ) ছিল সম্রাজ্ঞী কুদসিয়া বেগম ও তাঁর সঙ্গীদের ব্যক্তিগত ইবাদতের স্থান।
১৮৫৭ সালের বিদ্রোহের ঘটনাপ্রবাহে কুদসিয়া বাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই ভয়াবহ অস্থিরতার সময় ব্রিটিশ পরিবার ও সেনা সদস্যরা বাগানটিতে আশ্রয় নেয় এবং এর চারপাশের বিশাল দেয়ালের ওপর কামান স্থাপন করে। তখন সংঘাতের ফলে কুদসিয়া বেগমের প্রাসাদ এবং উদ্যানগুলো মারাত্মকভাবে শাহি মসজিদের বিধ্বস্ত অবস্থা থেকে সেই সংঘর্ষের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ব্রিটিশরা কখনো কুদসিয়া বাগ পুনর্নির্মাণ করেনি, তবে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বহু বছর ধরে জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যান হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার সময় উদ্যানটির আয়তন কমে ৫০ একরেরও নিচে নেমে এসেছিল। এরপর গত ৬০ বছরে ক্রমবর্ধমান নগরায়ণের কারণে আরো ৩০ একর জায়গা হারিয়ে গেছে।
তথ্যঋণ : পিপুল ট্রি, ক্রিটিক্যাল
কালেক্টিভ ও উইকিপিডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন