প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক বর্তমানে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা এই পালক বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে জয়পুরহাট থেকে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। এসব পালকের মাধ্যমে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ এবং ব্যাডমিন্টনের ফেদারের ককসহ অন্যান্য পণ্য। এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় নারীদের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।
সূত্রে জানা যায়, একসময় হাঁসের মাংস সংগ্রহের পর পালক ফেলে দেওয়া হতো। সেই পরিত্যক্ত পালকই জয়পুরহাটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে কাজ শুরু করেন শেরপুর জেলার তরুণ উদ্যোক্তা আলতাব হোসেন। প্রথম দিকে সফলতা না পাওয়ার পর ২০১৫ সালে তিনি চীনে চলে যান। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে এক বছর কাজ করেন। ২০২২ সালে তিনি চীন থেকে অত্যাধুনিক মেশিন নিয়ে দেশে ফিরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিলকপুর বাজারে কয়েকজনের সহযোগিতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পালক প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন, যার নাম দিয়েছেন ‘সারাবাংলা ডাউন প্রোডাক্ট’।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি মাসে ২৫ থেকে ৩০ টন পালক সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়। এরপর রোদে শুকিয়ে বাছাই ও অত্যাধুনিক মেশিনে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা, ব্যাডমিন্টনের ফেদারের কক এবং শীতের বিভিন্ন পোশাকসহ অন্যান্য পণ্য। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় নারীদের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
নারীশ্রমিক মীম খাতুন বলেন, “পালকগুলো নিয়ে আসার পর রোদে দিই। এরপর বস্তাই করে কারখানায় পাঠাই। এখান থেকে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি আমার ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালাই।”
সামেনা বেগম জানান, “আমার পরিবারে ৮ জন সদস্য। আমার স্বামী মারা গেছে ৮ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর পরিবার চালাতে অনেক কষ্ট হতো। পরে এই কারখানা হওয়ার পর এখানে কাজ পাই। প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন পাই। ওভার টাইম করলে আরও বেশি হয়। এখন আমার পরিবার ভাল চলে।”
কারখানার ম্যানেজার সোহেল রানা বলেন, “সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করি। পালকগুলো একটু ভেজার মতো থাকায় এখানে নিয়ে আসার পর প্রথমে রোদে শুকাইতে হয়। এরপর বস্তায় করে নিয়ে এসে মেশিনে দেওয়া হয়। তারপর কয়েকটি প্রক্রিয়া শেষে পালক প্রস্তুত করা হয়। ছোট পালক দিয়ে জ্যাকেট, কম্বল, জাহাজের সোফা, চাদর, বালিশসহ শীতের বিভিন্ন পোশাক তৈরি হয়। আর পাখার পালক দিয়ে কক তৈরি হয়। এগুলো বিদেশে পাঠানো হয়। আমাদের এখানে ১৬ জন শ্রমিক কাজ করে।”
উদ্যোক্তা আলতাব হোসেন বলেন, “২০১৪ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে কাজ করি। কিন্তু বিষয়টি ভালভাবে বুঝতে না পেরে আমি লাভবান হতে পারিনি। এরপর আমি স্কলারশিপ নিয়ে চীনে গিয়ে পড়াশোনা শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে ১ বছর কাজ করি। ছোট থেকেই আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। এরপর চীন থেকে মেশিন নিয়ে এসে ২০২২ সালে জয়পুরহাটের তিলকপুরে কারখানা শুরু করি। যার এক বছর পর থেকে আমি সফলতা পাচ্ছি। এই পালক চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতে পাঠাচ্ছি। যেসব দেশে শীত বেশি সেখানে এর চাহিদা অনেক।”
তিনি আরও বলেন, “আমার এই কারখানা করতে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হয়েছে। আমরা যদি এই পালক থেকে দেশেই এসব পণ্য তৈরি করতে পারি, তাহলে বিদেশে রপ্তানি করে আরও টাকা আয় করা সম্ভব হবে। কিন্তু এর পূর্ণাঙ্গ সেটাপ করতে প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। সরকার যদি আমাদের সহযোগিতা করে বা স্বল্প সুদে ঋণ দেয় তাহলে সম্ভব হবে এমন উদ্যোগ নেওয়ার।”
জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, “একসময় যে পালক ফেলে দেওয়া হতো সেই পালক সারাদেশ থেকে সংগ্রহ করে এখানে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে বিদেশে পাঠানো হচ্ছে। ফেলে দেওয়া পালক অনেক সম্ভাবনাময় একটা পণ্য হয়ে উঠেছে। আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে ওই কারখানা ভিজিট করেছি। আমরা তাদের বিভিন্ন শর্ত পূরণ করতে বলেছি, তাহলে সরকার থেকে পদকের জন্য নাম পাঠানো হবে। এছাড়া তাদের বিভিন্ন কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে পালক থেকে এখানেই সব পণ্য তৈরি করা সম্ভব হবে। এতে করে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমন বৈদেশিক মুদ্রা আয় হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন