প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার নবঘোষিত রুহিয়া ও ভুল্লি উপজেলায় ছয় মাসের বেশি সময় পার হলেও প্রয়োজনীয় ভূমিসেবা এখনও চালু হয়নি। জমির নামজারি কার্যক্রম বন্ধ রয়েছে, কারণ সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন হয়নি। এই কারণে দুই উপজেলার ১১ ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জমি বিক্রি করতে না পারার কারণে কেউ উন্নত চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে পারছেন না, আবার কেউ ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন। কিছু মানুষের হজে যাওয়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে।
রুহিয়া উপজেলার রাজগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কৃষক ইউনুস আলী গত নয় বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি কৃষিকাজে ব্যবহৃত শ্যালো মেশিন কাঁধে নিয়ে মাঠে যাওয়ার সময় পিছলে পড়ে গুরুতর আহত হন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর ও ঢাকায় চিকিৎসা করিয়েছেন। মেরুদণ্ডে অস্ত্রোপচার করেও তেমন সুফল পাননি। চিকিৎসকেরা মেরুদণ্ডে নাট ও স্ক্রু লাগানোর পরামর্শ দেন। তবে চিকিৎসার বিষয়ে নিশ্চয়তা না পাওয়ায় দেশে ফিরে আসেন তিনি।
এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচবার স্ট্রোক করেছেন ইউনুস আলী। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় এখন জমি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে চান তিনি। কিন্তু নামজারি জটিলতায় আটকে আছে জমি বিক্রির উদ্যোগ।
রুহিয়া উপজেলার আখানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সোলেমান আলী একই পরিস্থিতিতে পড়েছেন। একসময় পাকা বাড়ি ও চালকলের মালিক এই কৃষক চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলেও নামজারি না হওয়ায় তা পারছেন না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেও দ্রুত সমাধানের আশ্বাস পাননি।
আখানগর এলাকার বয়োবৃদ্ধ তসলিম উদ্দীন স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ জন্য জমি বিক্রি করে অর্থের ব্যবস্থা করতে চান তিনি। কিন্তু নামজারি না হওয়ায় জমি নিবন্ধন করতে পারছেন না। প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে তার হজযাত্রা।
ব্যবসায়িক ও আর্থিক সংকটেও পড়েছেন অনেকে। আখানগরের ব্যবসায়ী মহির উদ্দীন জানান, ব্যাংকে তার ৩০ লাখ টাকার নগদ ঋণ রয়েছে। ব্যবসায় লোকসান হওয়ায় প্রতিদিন সুদের পরিমাণ বাড়ছে। ঋণ পরিশোধের জন্য জমি বিক্রি করতে চান তিনি। এ জন্য পাঁচ মাস আগে নামজারির আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে জমি বিক্রি করতে না পেরে প্রতিদিন ব্যাংকের সুদ গুনতে হচ্ছে।
ঢোলারহাট এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, ঋণ নেওয়ার প্রয়োজনে কয়েকটি জমির নামজারি করা দরকার। ভূমি অফিসে গেলে তাঁকে জানানো হয়, রুহিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কোনো কর্মকর্তা না থাকায় নামজারি করা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, নতুন উপজেলা ঘোষণার আগে রুহিয়া, রাজাগাঁও ও আখানগর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রতিদিনই সেবা নিতে মানুষের ভিড় থাকত। কিন্তু নতুন উপজেলা ঘোষণার পর থেকে নামজারি কার্যক্রম বন্ধ থাকায় এসব অফিসে এখন মানুষের উপস্থিতি নেই বললেই চলে। জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
রুহিয়া ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, গত ১৯ মে রুহিয়া উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই এ উপজেলার নামজারি কার্যক্রম বন্ধ রয়েছে। শুরুতে অনেক মানুষ নামজারির জন্য অফিসে আসতেন। পরে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানাজানি হলে মানুষের আসা কমে যায়। এখন মূলত কন্যাদায়গ্রস্ত অভিভাবক কিংবা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইচ্ছুক অসুস্থ ব্যক্তিরা আসেন। কিন্তু তাদের জন্য কিছুই করার নেই। অসহায় মানুষের কথা শুনে সান্ত্বনা দেওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, নতুন দুই উপজেলায় নামজারি নিয়ে জনগণের ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, প্রথমে সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ চলছে। পদ সৃষ্টি হলে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক কোড তৈরি করতে হবে। এরপরই নামজারি কার্যক্রম চালু করা সম্ভব হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই এ দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবেন।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৭ মে দেশে পাঁচটি নতুন উপজেলা গঠনের ঘোষণা দেয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে দুটি পৃথক উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ১৯ মে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে উপজেলা গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় প্রশাসনিক পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন না হওয়ায় এখনো পূর্ণাঙ্গ ভূমিসেবা চালু হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন