প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গার্মেন্টস শিল্পে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে নিম্নতম মজুরি বোর্ড দ্বিতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে। সভাটি সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব উপস্থাপন করবে। তবে মালিকপক্ষ এখনও নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি, এ বিষয়ে তারা কাজ করছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সর্বশেষ সভায় উভয় পক্ষকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল মজুরি বোর্ডের পক্ষ থেকে। ওই সভায় শ্রমিক এবং মালিক— উভয় পক্ষই পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব উপস্থাপনের বিষয়ে সম্মত হয়েছিল।
সেই অনুযায়ী, সোমবারের সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব এখনও চূড়ান্ত না হওয়ায় সভায় তাদের অবস্থান কেমন হবে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।
ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামীকালের সভায় উপস্থাপনের জন্য তারা এখনও ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠন ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে তারা একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, যা শ্রমিকদের বর্তমান দাবি; অথবা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে রোববার ৪০টি কারখানা বন্ধ থাকায় চলমান অস্থিরতা নিয়ে তারা এখনও উদ্বিগ্ন। তবে তারা সভায় রয়েছেন এবং মজুরি বোর্ডের দ্বিতীয় সভার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার পর তাদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি সোমবার জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।
উল্লেখ্য, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং গার্মেন্টস শিল্পে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন