প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিসরের একটি আদালত দেশটির শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদমাধ্যম ‘মাদা মাসর’-এর প্রধান সম্পাদক লিনা আতাল্লাহর পুনর্বিচারের শুনানি ১৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। তার বিরুদ্ধে রয়েছে মিথ্যা সংবাদ প্রকাশ এবং লাইসেন্স ছাড়া ওয়েবসাইট পরিচালনার অভিযোগ।
মানবাধিকার সংগঠনগুলো এই মামলাটিকে মিসরে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করছে। ‘মাদা মাসর’ জানায়, বুধবার লিনা আতাল্লাহর আইনজীবীরা বিচারক পরিবর্তনের জন্য আবেদন করেছেন।
কারণ, গত ২৭ অক্টোবরের শুনানিতে একই বিচারক তার বিরুদ্ধে রায় প্রদান করেছিলেন। বিচারক পরিবর্তনের বিষয়ে আপিল আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
গত মাসে দেওয়া এক রায়ে বিচারক লিনা আতাল্লাহকে ৩০ লাখ মিসরীয় পাউন্ড (৫৬ হাজার ২০০ মার্কিন ডলার) জরিমানা করেন। লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে দায়ের করা পৃথক একটি মামলায় মাত্র একবার শুনানি নিয়েই ‘মাদা মাসর’ ওয়েবসাইটটি বন্ধের নির্দেশ দেন তিনি।
‘মাদা মাসর’সহ আরো কয়েকটি স্বতন্ত্র সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালের গণমাধ্যম আইনের আওতায় তারা লাইসেন্সের জন্য আবেদন করেছিল। ওই আইনে সংবাদমাধ্যম পরিচালনার জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়। তবে আবেদন করার পরও তারা এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পায়নি।
আতাল্লাহর আইনজীবীরা গত মাসে জানান, শুনানির সময় তারা মামলার নথিপত্র পর্যালোচনা এবং অতিরিক্ত প্রমাণ উপস্থাপনের সুযোগ চেয়েছিলেন। কিন্তু আদালত তাদের এসব আবেদন নাকচ করে দেয়। পরে আতাল্লাহর আপত্তি সত্ত্বেও আদালত তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে।
মিসরের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপ্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছে। গত ২৭ অক্টোবরের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুনর্বিচারের অংশ হিসেবে ২০২৪ সালে লিনা আতাল্লাহর অনুপস্থিতিতেই তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি এই দণ্ডের বিষয়টি জানতে পারেন গত ২৭ অক্টোবর।
সেদিন ‘মাদা মাসর’ বন্ধের নির্দেশের পর আদালত থেকে মুক্তি পাওয়ার সময় তাকে কারাদণ্ডের বিষয়টি জানানো হয়। ‘মাদা মাসর’ মামলা এবং মিসরে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি।
মিসরীয় কর্তৃপক্ষ বারবার বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণমাধ্যমকে অবশ্যই আইন মেনে কাজ করতে হবে এবং জাতীয় নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন