প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখতে পান। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন