প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সকে নির্দেশনা দিয়েছেন দেশটির এক বিচারক, সরকারি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কর্মীদের কাছে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধ করতে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার জারি করা আদেশে বিচারক বলেন, ধর্মীয় বার্তা পাঠানোর ক্ষেত্রে মন্ত্রীকে নির্দিষ্ট সীমারেখা মেনে চলতে হবে। কারণ, তার বার্তার ভাষা থেকে প্রতীয়মান হয়েছে যে, ইমেইল পাওয়া কর্মীরা তার খ্রিষ্টীয় বিশ্বাসে বিশ্বাসী।
বৃহস্পতিবারের আদেশে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ট্রিনা থম্পসন মন্তব্য করেন, ‘ধর্মীয় বার্তা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীকে অবশ্যই কিছু সীমারেখা মেনে চলতে হবে।’ রোলিন্স একজন ধর্মপ্রাণ খ্রিষ্টান। তিনি প্রায়শই সরকারি ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাসের কথা জানিয়ে বার্তা দেন। এ নিয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ও সরকারি কর্মীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখার পক্ষে থাকা অধিকারকর্মীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, যা সরকার ও ধর্মের মধ্যে সীমারেখা অস্পষ্ট করে তুলছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। পেন্টাগনের প্রধান পিট হেগসেথও তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে পেন্টাগনে নিজের খ্রিষ্টীয় বিশ্বাস নিয়ে কথা বলেন। অন্যদিকে, ধর্ম ও রাজনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পক্ষে সমর্থকদের একত্রিত করতে ট্রাম্প খ্রিষ্টীয় ধর্মীয় বক্তব্য ব্যবহার করেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিভাগটি এই আদেশকে ‘মন্ত্রিসভার একজন সদস্যের মুখ বন্ধ করার সম্পূর্ণ নজিরবিহীন চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে। আদালতে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রোলিন্সের ইমেইল কর্মীদের ওপর কোনো চাপ সৃষ্টি করেনি। তিনি শুধু বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। কাউকে কোনো ধর্মীয় আচার পালন করতে বা তার বিশ্বাস মেনে নিতে বাধ্য করেননি।
বৃহস্পতিবারের আদেশে বিচারক বলেন, ‘মন্ত্রী ব্যক্তিগত জীবনে কী করতে পারবেন বা পারবেন না, সে বিষয়ে আদালত কোনো মতামত দিচ্ছে না।’ মামলাকারীদের অভিযোগ, রোলিন্সের বার্তায় তার মতো খ্রিষ্টীয় বিশ্বাসের কর্মীদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত ছিল। এতে অন্য ধর্মের কর্মীরা নিজেদের বিচ্ছিন্ন মনে করতেন। তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস গোপন করতে বা মন্ত্রীর বিশ্বাসের সঙ্গে একমত বলে দেখাতে চাপ অনুভব করতেন। মামলার অভিযোগে আরো বলা হয়, এ বিষয়ে আপত্তি জানালে সমস্যায় পড়তে হবে বলে কর্মীদের সতর্ক করেছিলেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিচারক তার আদেশে উল্লেখ করেন, রোলিন্সের বার্তায় ‘আমরা’, ‘আমাদের’ ও ‘আমাদের সবার’ মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি অন্য ধর্মের উৎসবের কথা উল্লেখ করেননি এবং কর্মীদের ভিন্ন ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, সেটিও স্বীকার করেননি। এসব বিষয় থেকে প্রতীয়মান হয় যে, কৃষি বিভাগের কর্মপরিবেশ এমন যে সবাইকে মন্ত্রীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একমত হতে হবে।
নাগরিক অধিকারকর্মীদের অভিযোগ, ট্রাম্প ও তার মিত্ররা নির্বাচনী প্রচারের সময় মুসলিম ও সোমালি বংশোদ্ভূত আমেরিকানসহ বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি অভিবাসন ও বৈচিত্র্যবিষয়ক বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধেও ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিচয় নিয়ে করা এক জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় ৬২ শতাংশ নিজেদের খ্রিষ্টান বলে পরিচয় দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন