প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দের কথা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বলেছেন, বিরোধী দলের এলাকা হওয়ায় কোনো এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা যায় না। আলফাডাঙ্গার মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার পরিবহন কাউন্টার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখার আয়োজনে চা-চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “আপনারা যেসব সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা তুলে ধরেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ। একসঙ্গে সব কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে উন্নয়নকাজগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
বিরোধী দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বিরোধী দলের নির্বাচনী এলাকায় প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু কোনো এলাকা বিরোধী দলের হওয়ায় সেখানকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা যায় না। উন্নয়ন সবার অধিকার। তাই আলফাডাঙ্গার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় বরাদ্দ আদায়ে আন্তরিকভাবে কাজ করা হবে।
সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পৌরসভার সঙ্গে মহাসড়কের যোগাযোগ আরও সহজ ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার কয়েকটি উন্নয়নকাজ ইতিমধ্যে চলমান রয়েছে। অন্য কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নের বিষয়েও তিনি কথা বলেন। সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে বিদ্যমান বরাদ্দের আওতায় কোন কোন সড়কের উন্নয়ন করা সম্ভব, তা নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দের আওতায় কোন কোন প্রকল্প গ্রহণ করা যায়, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন বলেন, আলফাডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জাবেদ হোসাইন, পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ, অফিস সম্পাদক মো. আবু তালহা, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা বরকত এবং পৌর যুব বিভাগের সভাপতি মো. মুজাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত প্রয়োজন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য স্থানীয় সমস্যা সমাধানে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন