প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে, যা প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর স্মরণে স্থাপন করা হয়েছে।
আজ বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি স্মৃতিফলকটি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "তার নৈতিক সাহস, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক সংহতির চেতনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ফ্রান্স ও বাংলাদেশের জনগণের মধ্যে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছিল।"
তিনি সাহিত্য, শিল্পকলা ও জনজীবনে আঁদ্রে মালরোর অনন্য অবদান তুলে ধরে বলেন, "মানব স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকারই তাঁকে বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিল।"
উপাচার্য আরও বলেন, দেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা উচিত। তিনি উল্লেখ করেন, "স্বাধীনতা সংগ্রামের কঠিন সময়ে দেশ-বিদেশের যেসব সুহৃদ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সম্মান জানানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দায়িত্ব।"
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, "বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জীবন ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতিষ্ঠান।" তিনি আরও বলেন, "প্রখ্যাত ফরাসি লেখক আঁদ্রে মালরোর ৫০তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাসকে নতুন করে স্মরণ করার সুযোগ করে দিয়েছে।"
রাষ্ট্রদূত উল্লেখ করেন, "এ বন্ধুত্ব গড়ে উঠেছিল কূটনৈতিক সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, সংহতি এবং মানুষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি গভীর অঙ্গীকারের ওপর ভিত্তি করে।" তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরোকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তিনি তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন, যা এখনো অবিস্মরণীয় হয়ে আছে।"
অনুষ্ঠানে আঁদ্রে মালরোর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কিছু স্থিরচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আঁদ্রে মালরোর স্মৃতিফলক সংরক্ষণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন