প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিজিটাল সেবা, স্বচ্ছতা ও উন্নয়নের প্রতিশ্রুতি
‘মাটি ও মানুষের জন্য পথচলা—সেবা, স্বচ্ছতা, উন্নয়ন’—এই প্রত্যয় সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে সাদ্দাম বলেন, তিনি শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে শৌলজালিয়াকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করবেন।
ডিজিটাল হবে নাগরিক সেবা
সাদ্দামের পরিকল্পনার অন্যতম প্রধান দিক হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ডিজিটাল ও জনবান্ধব করা। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবার সময় ও সরকারি ফি উল্লেখ করে ‘সিটিজেন চার্টার’ দৃশ্যমান করার কথা জানিয়েছেন তিনি।
প্রতি বছর জনগণের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
ভাতা বণ্টনে স্বচ্ছতার অঙ্গীকার
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং টিসিবিসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচনকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সাদ্দাম। তাঁর পরিকল্পনায় রয়েছে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক সুবিধা ছাড়াই যোগ্য ব্যক্তিদের তালিকা প্রণয়ন।
যোগাযোগ ও নাগরিক অবকাঠামো
ইউনিয়নের কাঁচা ও ক্ষতিগ্রস্ত সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন, দ্রুত সংস্কার, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
এ ছাড়া প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন করে রাতের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার কথা জানিয়েছেন তিনি।
মাদকমুক্ত সমাজে তরুণদের সম্পৃক্ততা
মাদক ও অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সামাজিক উদ্যোগ গড়ে তোলার কথা বলেছেন সাদ্দাম। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং গ্রাম পুলিশের টহল জোরদারের পরিকল্পনাও রয়েছে।
যুবসমাজে দক্ষতা ও কর্মসংস্থান
তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ক্রীড়া প্রতিযোগিতা, খেলার মাঠ সংস্কার এবং কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা সহায়তা তহবিল গঠনের পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
কৃষক ও ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি
কৃষকদের প্রয়োজনীয় বীজ, সার ও সেচ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের কথা বলেছেন সাদ্দাম। পাশাপাশি হাট-বাজারের নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।
ন্যায়সংগত গ্রাম আদালত
স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতকে সক্রিয় ও নিরপেক্ষ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই স্থানীয় পর্যায়ে ন্যায়সংগত সমাধান পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
সাদ্দাম বলেন, “জনপ্রতিনিধিত্ব আমার কাছে ক্ষমতার বিষয় নয়, দায়িত্বের বিষয়। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে শৌলজালিয়ার উন্নয়নে কাজ করতে চাই।”
একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী শৌলজালিয়া গড়ে তুলতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, সুপরামর্শ ও মূল্যবান রায় প্রত্যাশা করেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন