প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলে আরও একটি পদক্ষেপ নিলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন। কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে তিনি জায়গা পেয়েছেন, যা আগামী নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এসেছে।
পর্তুগালে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিনি তিনটি গোল করেছেন।
বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন রোনালদো-পুত্র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক ঘটে। এরপর তিনি দেশের বিভিন্ন বয়সভিত্তিক দলে ১৩ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পান ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেখানে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই বয়সভিত্তিক দলের হয়ে নয় ম্যাচে তিনি তিন গোল করেছেন। এবার অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন তরুণ এই ফুটবলার।
পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার তুলনা হওয়া স্বাভাবিক। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের যোগ্যতায় আলাদা অবস্থান তৈরি করার চ্যালেঞ্জ এখন তার সামনে। বয়সভিত্তিক ফুটবলে পারফরম্যান্সের মাধ্যমে তিনি সেই পথে এগিয়ে যাচ্ছেন।
আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে রোনালদো জুনিয়রের এই অগ্রযাত্রায় ফুটবলপ্রেমীদের নজর রয়েছে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে বাবা-ছেলেকে একই মাঠে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ রয়েছে।
এদিকে আগামী শুক্রবার পর্তুগালের জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করা হবে। সেখানে আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পান কি না, সেটিও জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন