প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের অধিকার হলো নিরাপত্তা ও মানসিক স্বস্তি। ইসলামের দৃষ্টিতে, একজন মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার মানসিক স্বস্তি ও প্রশান্তিও অপরিহার্য। সমাজে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। বিশেষ করে, এমন কাজ করা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমানের জন্য অন্য মুসলমানকে ভীতসন্ত্রস্ত করা বৈধ নয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০০৪)
বিপর্যয়-বিশৃঙ্খলা অগ্রহণযোগ্য
আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৬)
অন্য আয়াতে আল্লাহ সেসব মানুষের নিন্দা করেছেন, যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করে এবং সম্পদ ও জনজীবন ধ্বংসের চেষ্টা করে। ইরশাদ হয়েছে, ‘যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণিকুল ধ্বংস করার চেষ্টা করে। আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২০৫)
মানুষের জীবনযাত্রা, জীবিকা ও সম্পদ ধ্বংস এবং সমাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে এমন সব কাজই বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত।
মানুষের জীবন বিপন্ন করা মহাপাপ
ইসলামে মানুষের জীবন অমূল্য। এজন্য ইসলামী আইনে মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা কোরো না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৩)
এ নির্দেশনা শুধু সরাসরি হত্যাকাণ্ড থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকা জরুরি, যার ফলে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হতে পারে।
জননিরাপত্তা বিঘ্নিত করা সন্ত্রাস
জনপথে মানুষের নিরাপত্তা নষ্ট করা, ভয়ভীতি ছড়িয়ে দেওয়া এবং শক্তি প্রয়োগ করে জনজীবন বিপর্যস্ত করা সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এ বিষয়ে কোরআনে কঠোর সতর্কবাণী এসেছে। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে, অথবা শূলে চরানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে মহাশাস্তি।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩৩)
এ আয়াতে জননিরাপত্তা বিনষ্ট করাকে গুরুতর অপরাধ ও হিরাবাহ (সন্ত্রাস) হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভয়ভীতি ছড়ানো ইসলামের পরিপন্থী
জনমনে আতঙ্ক ছড়ানোর আরেকটি দিক হলো এমন সংবাদ প্রচার করা, যা মানুষের মধ্যে অযথা ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। তাই ইসলাম নিরাপত্তা ও বিপর্যয়সংক্রান্ত স্পর্শকাতর খবর প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, ‘যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভীতিসংক্রান্ত কোনো সংবাদ আসে, তখন তারা তা প্রচার করে দেয়। অথচ তারা যদি তা রাসুল ও তাদের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পেশ করত, তবে তাদের মধ্যে যারা বিষয়টি অনুসন্ধান করে বুঝতে সক্ষম, তারা এর প্রকৃত তাৎপর্য জানতে পারত।’ (সুরা : নিসা, আয়াত : ৮৩)
এ আয়াত থেকে বোঝা যায়, নিরাপত্তা ও আতঙ্কসংশ্লিষ্ট সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রচার করা উচিত নয়। আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জনসাধারণেরও দায়িত্বশীল হওয়া আবশ্যক। বিশেষত সামাজিক গণমাধ্যমে কোনো কিছু প্রচারের আগে তা যাচাই করা আবশ্যক। চাই তা সংবাদ হোক, ছবি হোক বা ভিডিও হোক। এ বিষয়ে মহানবী (সা.) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে, তা-ই প্রচার করে।’ (মুসলিম, হাদিস : ৫)
আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন