প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বায়ুদূষণ রোধে পূর্বে প্রদত্ত ৯ দফা নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে আগামী ১২ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য বিবাদীদের জন্য প্রযোজ্য।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) কর্তৃক দায়ের করা জনস্বার্থমূলক রিট পিটিশনের শুনানি শেষে ২০২০ সালে ঢাকার বায়ুদূষণ রোধে আদালত বিবাদীদের প্রতি ৯ দফা নির্দেশনা প্রদান করে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পানি ছিটানো, বালু পরিবহনের ট্রাক ঢেকে রাখা, নির্মাণকাজের এলাকা ঘিরে রাখা, রাস্তায় ফেলে রাখা অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করা, ধোঁয়া সৃষ্টিকারী গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, লাইসেন্স ছাড়া গাড়ির টায়ার পোড়ানোর কারখানা বন্ধ করা, বিভিন্ন মার্কেটের ময়লা ব্যাগে করে নির্দিষ্ট সময়ে অপসারণ এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা।
এইচআরপিবির পক্ষে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি ২০২০ তারিখে আদালত ৯ দফা নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আদেশ প্রদান করে। পরবর্তীতে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয় বিবাদীদের। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে পাঁচ জেলার জেলা প্রশাসকদেরও আদালতে তলব করা হয়েছিল।
ওই আদেশের ধারাবাহিকতায় আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের বিষয়ে আজ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার আদালতে মামলাটি আদেশের জন্য তালিকাভুক্ত হয়। শুনানি শেষে আদালত লিখিত আদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য বিবাদীদের আগামী ১২ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে বায়ুদূষণ রোধে পূর্বে প্রদত্ত ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে আদালতে এফিডেভিট আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তী শুনানির তারিখও ১২ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ মন্তব্য করেন, ঋতু পরিবর্তনের কারণে বর্তমানে ঢাকা শহরের বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। তবে আদালতের পূর্বের নির্দেশনা অনুসারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে ঢাকার বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে নাগরিকদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে।
রিট মামলায় এইচআরপিবির পক্ষে আবেদনকারী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ। বিবাদীদের মধ্যে রয়েছেন পরিবেশ সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রবৃন্দ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যরা।
এইচআরপিবির পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শাহজাহান, পরিবেশ অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন মাহমুদ এবং ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোরশেদা আখতার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন