প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় জেলা পর্যায়ের মিডিয়া ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরের জহুরুল নগর সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা লাইট হাউজের উদ্যোগে আয়োজন করা হয়। লাইট হাউজের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক হাবিবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ। এসময় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, লাইট হাউজের কর্মকর্তা-কর্মচারী, সচেতন নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, অনলাইনভিত্তিক জেন্ডার সহিংসতা বর্তমান সময়ের একটি গুরুতর সামাজিক সমস্যা। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা অনলাইনভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধের জন্য গণসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সহায়তা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা একই সঙ্গে নারী ও শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন