প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দারিনা কুলচিৎস্কা একজন মা। তিনি কিয়েভের একটি সাততলা ফ্ল্যাটে একা হাতে দুই চঞ্চল সন্তানকে খাওয়ানো এবং তাদের পড়াশোনা করানোর চেষ্টা করছেন। তবে দারিনার সামনে এমন এক সময়সীমার বাড়তি চাপ রয়েছে, যা তিনি নিজেও নিশ্চিত নন। তিনি শুধু জানেন, যেকোনো মুহূর্তে আলো নিভে যাবে, সকেটে বিদ্যুৎ থাকবে না, ওয়াই-ফাই বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কল থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে।
সেদিন রাতে ঘোষিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি বিদ্যুৎ ছিল, তবু দারিনা দ্রুত রাতের খাবার পরিবেশন করতে এবং বাড়ি থেকে নিজের অফিসের কাজ শেষ করতে রীতিমতো ছোটাছুটি করছেন। বিবিসিকে তিনি বলেন, "গত কয়েক দিন ধরে আমরা মাত্র চার বা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি, তাও আবার নির্দিষ্ট কোনো সময়ে নয়। দুই ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের আট ঘণ্টা থাকে না।"
ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার হামলা জোরদার হওয়ায় গত অক্টোবর থেকে এই পরিকল্পিত লোডশেডিংয়ের সময়সূচি চালু করা হয়েছে। জবাবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রতিদিন অন্তত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা না গেলে লাখ লাখ ইউক্রেনীয়র জীবনযাত্রা দ্রুতই অসহনীয় হয়ে উঠবে। কেউ কেউ ব্যক্তিগতভাবে সতর্ক করে বলছেন, পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে পৌঁছে গেছে, কারণ কিয়েভের কিছু পরিবারকে দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে।
গত শীতের তুলনায় এ বছর অনেক আগেই লোডশেডিং শুরু হয়েছে এবং এর স্থায়িত্বও অনেক বেশি; যা দারিনার মতো মানুষদের ঘরবাড়িকে আরো অন্ধকার ও শীতল করে তুলছে। ভেতরে ও বাইরে তাপমাত্রা কমে যাওয়ায় তিনি কয়েক পরত পোশাক এবং একটি ভারী কোট গায়ে জড়িয়ে রেখেছেন। ঠিক সন্ধ্যা সাড়ে ৭টার আগে একটি 'ক্লিক' শব্দ হলো এবং সব শেষ— ভোর হওয়া পর্যন্ত আর বিদ্যুৎ নেই। লিফট কাজ করছে না, ফ্ল্যাটে পানি তোলার পাম্প চালানোর জন্য বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহও বন্ধ হয়ে যাবে।
তাই টর্চলাইট ও এলইডি মোমবাতি বের করা হলো এবং দারিনা, তার ছেলে কিরিল ও মেয়ে ওলেনা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার আগে তাস নিয়ে 'উনো' খেলতে বসল। ১২ বছর বয়সী কিরিল এই বিপর্যয়ের ব্যাখ্যা দিয়ে বললো, "এখানে কোনো আলো নেই, পানি নেই, তাপ নেই, বিদ্যুৎ নেই। আর কোনো আনন্দও নেই। বিদ্যুতের সাথে সাথে সব আনন্দও যেন শুষে নেওয়া হয়েছে। আমাদের অনেক বোর্ড গেম আছে। পুরো একটা তাক ভর্তি খেলা আছে, কিন্তু আমরা সেগুলো ইতিমধ্যে লাখখানেক বার খেলে ফেলেছি।"
পুরো এলাকায় ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্নতা নেমে আসায় অসংখ্য পরিবার অন্ধকারে বসে আছে, ঘরবাড়ি ও রাস্তাঘাট অন্ধকারে ঢেকে গেছে। দারিনা বলেন, "বাইরে তাকালে মাঝে মাঝে কিছুই দেখা যায় না। চারপাশে এত বড় একটা শহর, অথচ আলো না থাকায় কিছুই দেখা যায় না।" কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে— মাঝে মাঝে এখানকার মেট্রো ট্রেন ও ট্রলিবাস পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
সাম্প্রতিক এক ব্যালিস্টিক মিসাইল হামলার পর ইউক্রেনের অন্যতম বৃহৎ একটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিবিসির প্রতিনিধি দেখতে পান, সেটি এখন কোনোমতে দাঁড়িয়ে আছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী হামলা। ওই বিশাল কেন্দ্রটি এখন দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব স্তূপ আর ভাঙা পাইপে পরিণত হয়েছে। এর টারবাইনগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, যার ফলে কেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে গেছে।
ভোর ৩টায় যখন ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে, তখন ভলোদিমির কোভালেঙ্কো কেন্দ্রটি সচল রাখতে কন্ট্রোল রুমে দায়িত্বরত ছিলেন। তিনি বলেন, "এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি হামলা। আমরা আগে কখনো এমন কিছুর মুখোমুখি হইনি। আগেও হামলা হয়েছে—ছাদের কিছু অংশ ধসে পড়েছিল, পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল। কিন্তু এবারের হামলাটি ছিল বিশেষভাবে মারাত্মক।" বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে গত ২৫ বছর ধরে এই কেন্দ্রে কাজ করা কোভালেঙ্কো বলেন, এই ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। তবে তিনি আশাবাদী যে এটি মেরামত করা সম্ভব।
কিন্তু প্রতি ১৫ থেকে ৩০ মিনিট পরপর বিমান হামলার সতর্কবার্তার কারণে মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। বিবিসি দলের চার ঘণ্টার পরিদর্শনের সময়ই সাতবার এমন সতর্কবার্তা বেজেছে। ড্রোন ও আরও মিসাইল হামলার প্রতিটি সতর্কবার্তায় কর্মীদের হাতের কাজ ফেলে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হয়। কেন্দ্রের প্রধান আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর মতো সময় না থাকলে কর্মীরা এর বিশাল চিমনিগুলোর ভিত্তির নিচে লুকিয়ে থাকেন।
পুনরুদ্ধার কাজের নেতৃত্ব দেওয়া ভাদিম বোবির বলেন, "এটি খুবই কঠিন। আপনি মানসিকভাবে একটি নির্দিষ্ট কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করলেন, আর ঠিক তখনই বিমান হামলার সাইরেন বেজে ওঠে, এবং আপনাকে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হয়।" জীবনের অর্ধেক সময় এখানে কাজ করা ৩৯ বছর বয়সী এই ব্যক্তিকে ধ্বংসস্তূপের সামনে খুব ছোট মনে হচ্ছিল এবং কেন্দ্রটি পুনর্নির্মাণের চ্যালেঞ্জ তাকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, "এটি মানসিকভাবে খুব কষ্টদায়ক, কারণ আমরা ইতিমধ্যে এসব মেরামত করেছিলাম, আবার চালু করেছিলাম, আর এখন আবার সব আগের মতো ধ্বংস হয়ে গেল। এতে খুব কষ্ট হয়, তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং সবকিছু ঠিক করার চেষ্টা করছি।"
বিবিসির দলের কথা বলার মাঝেই আরেকটি সতর্কবার্তা বেজে ওঠে— একটি 'ব্যান্ডেরল' ক্রুজ মিসাইল ধেয়ে আসছে। কর্মীরা সরু পথ ও পাইপলাইনের গোলকধাঁধার ভেতর দিয়ে ছুটে যান। কিন্তু আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সময় ছিল না; তাই কেন্দ্রের অন্যতম পুরু একটি দেয়ালের আড়ালেই তাদের আশ্রয় নিতে হয়। শেষ পর্যন্ত মিসাইলটি ৫ কিলোমিটার দূরে থাকতেই প্রতিহত করা হয়।
জ্বালানি খাতের কর্মীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। আগস্ট মাস থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে, যাতে প্রতি সপ্তাহেই বেশ কয়েকজনের প্রাণহানি ঘটছে। আর পরিস্থিতি ক্রমেই আরো বিপজ্জনক হয়ে উঠছে। সর্বশেষ বিপদ কেটে যাওয়ার পর কেন্দ্রের এক প্রান্তে একটি দল জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী লাইনগুলো পুনরায় স্থাপনের কাজে ফিরে যায়। তবে অন্তত এই শীত শেষ হওয়ার আগে এই বিধ্বস্ত কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুতের চাহিদা মেটানোর মতো যথেষ্ট উৎপাদন ক্ষমতা এখনো ইউক্রেনের রয়েছে; তবে মূল সমস্যা হলো, অসংখ্য বিদ্যুৎ লাইন ও সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই বিদ্যুৎ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া। রাশিয়া এখন 'ওয়েটার ড্রোন' ব্যবহার করছে, যা বিদ্যুতের খুঁটি ও তারের সাথে লেগে থাকে এবং রাশিয়া বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত শনাক্ত করা যায় না।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কম্পানি ডিটেক-এর প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেঙ্কো বলেন, রাশিয়া ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিডের ওপর গত বছরের চেয়েও বেশি চাপ সৃষ্টি করছে এবং সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে পারছে না। তিনি বলেন, "এবারের পার্থক্য হলো হামলার ব্যাপকতা এবং এসব হামলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র। এটিই মূল পার্থক্য— এগুলো শক্তিতে ও পরিধিতে দ্বিগুণ হয়েছে।"
তিনি জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রটি পুনর্নির্মাণ করতে অন্তত আগামী গ্রীষ্মকাল পর্যন্ত সময় লাগবে। কারণ অব্যাহত হামলার মুখে কর্মীরা দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা কার্যকরভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। টিমচেঙ্কো বলেন, "আমরা কেবল পুরো দেশের নয়, বরং সাধারণ মানুষের টিকে থাকার জন্য লড়াই করছি, বিশেষ করে এই শীতকালে।"
আলো জ্বালিয়ে রাখার এই লড়াইয়ের অনুভূতির কথা শোনা যায় কোভালেঙ্কোর কণ্ঠেও। তিনি বলেন, "জ্বালানিই সবকিছুর ভিত্তি— মানুষের জীবন, রাষ্ট্র। এটি ছাড়া কোনো কিছুই চলতে পারে না। আমি আমার পুরো জীবন এই কাজের জন্য উৎসর্গ করেছি।"
হাড়কাঁপানো শীতের মাসগুলো এড়াতে অনেকেই রাজধানী কিয়েভ অথবা পুরো ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। দারিনা, কিরিল এবং ওলেনা জানেন যে শীত কেবল শুরু হয়েছে। কিরিল বলে, "এটা সবচেয়ে বাজে অনুভূতি। আমি যখন স্কুল থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, বিছানায় শুয়ে পড়ি। ঠিক তখনই—ধাম! বিমান হামলার অ্যালার্ম। ধাম! বিদ্যুৎ নেই। ধাম! একগাদা হোমওয়ার্ক। ধাম!"
সন্তানেরা ঘুমিয়ে পড়লে দারিনা নিরাপদ বা তুলনামূলক উষ্ণ কোনো জায়গায় চলে যাওয়ার ভাবনার কথা বিবিসিকে জানান। একদিকে আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছাকাছি নিজের বাড়িতে থাকার আকুলতা, অন্যদিকে জীবন কতটা অসহনীয় হয়ে উঠতে পারে সেই দুশ্চিন্তা— এই দুইয়ের টানাপোড়েনে তিনি দিশেহারা। তিনি বলেন, এই মানসিক চাপ তার স্বাস্থ্যের ক্ষতি করছে এবং তিনি কিরিল ও দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা ওলেনার ওপর এর প্রভাব নিয়ে ভীত। তবুও, চারপাশের এই অন্ধকারের মাঝেও দারিনা অদম্য মনোবল ধরে রেখেছেন। তিনি বলেন, "আমি আলো ছাড়া বাঁচতে চাই না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন