প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি উল্লেখ করেন, সমস্যাগুলোর সমাধান হলে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন উৎপাদনকারী কারখানা ও নির্মাণাধীন নৌ-জেটি পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, গত ১০ বছরে অর্থনৈতিক অঞ্চলে তেমন অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গত মাসে হেলিকপ্টারে করে অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেছেন এবং এবার তাকে পরিস্থিতি সরেজমিনে দেখতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগের ক্ষেত্রে যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের যেন দ্রুত কাজ শুরু করার সুযোগ হয়, সেই জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।
মুখ্য সচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং প্রয়োজনে অর্থ বরাদ্দও দেওয়া হচ্ছে। এখানকার অগ্রগতিতে সরকার সন্তুষ্ট।
তিনি জানান, ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলে ৩০টি কারখানা উৎপাদনে রয়েছে এবং আরো ১৫টি প্রতিষ্ঠানের কাজ চলমান। এসব প্রতিষ্ঠান এত দিন গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগের অপেক্ষায় ছিল। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সমস্যা সমাধানের বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হয়েছে। এ পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ভবিষ্যতে আরো বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পরে তিনি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাকে কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন