প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ফেরত আসা উপকারভোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ১৯ নভেম্বর পর্যন্ত হিসাব সংশোধনের সময় নির্ধারণ করেছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য হালনাগাদ ও অনুমোদন করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ১৫ নভেম্বর, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রদান করা হচ্ছে।
তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কিস্তিতে অনেক উপকারভোগীর হিসাব নম্বর ভুল অথবা নিষ্ক্রিয় থাকার কারণে তাদের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ফেরত এসেছে।
এ ধরনের উপকারভোগীদের হিসাবের তথ্য সংশোধন করে পুনরায় টাকা পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হিসাবের তথ্য হালনাগাদ করে সম্পূরক পেরোল পাঠানোর ব্যবস্থা করা হবে।
কিন্তু অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় থেকে এখন পর্যন্ত ২৫ শতাংশের বেশি ফেরত আসা হিসাবের তথ্য হালনাগাদ করা হয়নি।
এই অবস্থায় ১৯ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ফেরত আসা হিসাবগুলো এমআইএসে হালনাগাদ ও অনুমোদন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব থাকে, তবে সেটি তার নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সিমের বিপরীতে খোলা হয়েছে কি না, তা যাচাই করতে হবে।
নিজের এনআইডিতে নিবন্ধিত সিমে হিসাব খোলা না থাকলে যথাসম্ভব ওই সিম ব্যবহার করে নতুন হিসাব খুলে এমআইএসে তথ্য হালনাগাদ করতে হবে।
অন্যদিকে, ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণকারীদের হিসাব নম্বর সঠিক ও সক্রিয় কি না, তা যাচাই করার নির্দেশনা রয়েছে। হালনাগাদ করা প্রতিটি হিসাব সক্রিয় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে হিসাবের ভুল বা নিষ্ক্রিয়তার কারণে যেসব উপকারভোগী টাকা পাননি, তাদের তালিকাও দ্রুত আইবাস++ এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের এমআইএসে পাঠানো হবে।
তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ করে হিসাব সংশোধন ও হালনাগাদ করার ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা সংশোধিত ও সক্রিয় হিসাবে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে সমাজসেবা অধিদপ্তর অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন