প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১২ মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, "বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।"
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। তিনি মনে করেন, "বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত।"
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের রাজনীতি ধ্বংসের রাজনীতি। তিনি উল্লেখ করেন, "এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।"
তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে অথবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, "অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।"
মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি বলেন, "আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই আমাদের প্রত্যাশা।"
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে।
তারা লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মতবিনিময় সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক টেলিভিশন চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।
প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে।
সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন এবং ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।
প্রতিনিধিদল বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন