প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার প্রধান ফটকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতের এই ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের সদর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। পরে নিচে তাকিয়ে ব্যাংকের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। তখন তিনি চিৎকার করে অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে একটি বিদ্যুতের তার পুড়ে যাওয়ার অংশ এবং আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ পাওয়া গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন