প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঢাকার সাভারের আশুলিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার রক্সিকে হত্যার ঘটনায় ১৯ বছর পর রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, পলাতক আসামিকে গ্রেপ্তার করে তার সাজা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৭ সালের ২৮ মার্চ আশুলিয়ার বাসিন্দা ও পিতৃহারা এতিম স্কুলছাত্রী মাহমুদা আক্তার রক্সিকে বিয়ের প্রস্তাব দেয় রেজাউল ইসলাম। রক্সি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রেজাউল তাকে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করে।
এর কয়েক দিন পর, ২০০৭ সালের ২ এপ্রিল সকালে রক্সির ঘরে ঢুকে ধারালো শাবল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে রেজাউল। গুরুতর আহত অবস্থায় রক্সিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় রক্সির খালাতো ভাই নুরুল ইসলাম বাবু বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৪ জুলাই আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দুল আলিম রেজাউল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। ২০০৮ সালের ৪ মার্চ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
জানা যায়, বিচার চলাকালে মামলার বাদী, ময়নাতদন্তকারী চিকিৎসক, রেজাউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রেজাউল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
মামলার বিচার চলাকালে জামিনে গিয়ে আদালতে হাজির না হয়ে পলাতক রয়েছেন রেজাউল। রায় ঘোষণার সময় আদালত তাকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন