প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমা গণমাধ্যমে মুসলমানদের যেভাবে উগ্র, অসহিষ্ণু ও পশ্চাৎপদ হিসেবে উপস্থাপন করা হয়, তা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মেলে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা লরেন বুথ। মুসলিম সমাজের মানুষের জীবনযাপন, পারস্পরিক সম্পর্ক, আতিথেয়তা ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের পর তার অনেক পুরনো ধারণা পরিবর্তিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
লরেন বুথ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎবোন। ২০১০ সালে ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলাম, মুসলিম সমাজ এবং ফিলিস্তিনের মানুষের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন।
ইসলাম গ্রহণের আগে, মুসলমানদের সম্পর্কে তারও পশ্চিমা সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা ছিল। তবে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর এবং সেখানকার মানুষের সঙ্গে মেলামেশার অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে বুথ লিখেছিলেন, মুসলিম নারীদের সম্পর্কে পশ্চিমা সমাজে তারও একসময় ভুল ধারণা ছিল। তিনি মনে করতেন, মুসলিম নারীরা হয়তো শুধুমাত্র কালো পোশাকে আবৃত থাকেন এবং পুরুষদের আড়ালে নীরব জীবন কাটান। কিন্তু ফিলিস্তিন, মিসর, জর্ডান ও লেবাননে গিয়ে বিভিন্ন বয়সী মুসলিম নারীর সঙ্গে পরিচিত হওয়ার পর তার সেই ধারণা পাল্টে যায়।
বুথের পর্যবেক্ষণ হলো, মুসলিম নারীরা শিক্ষিত, কর্মজীবী এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তাদের জীবন সম্পর্কে পশ্চিমা সমাজে প্রচলিত একপেশে ধারণার সঙ্গে বাস্তবতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
ইরান সফরে বদলে যায় জীবন
লরেন বুথের ইসলাম গ্রহণের পেছনে রয়েছে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। ইরানের কোম শহরে ফাতিমা মাসুমা (রা.)-এর মাজার পরিদর্শনের সময় তার মধ্যে বিশেষ এক আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি হয়। ওই অভিজ্ঞতার প্রায় ছয় সপ্তাহ পর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের পর নিয়মিত নামাজ আদায়, পবিত্র কোরআন পাঠ এবং হিজাব পরিধান শুরু করেন বুথ। ধর্মান্তরের পর তার জীবনযাপন ও চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে বলেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। তার মতে, ইসলাম গ্রহণের মাধ্যমে একজন মানুষ শুধু নতুন ধর্মীয় পরিচয়ই গ্রহণ করেন না, বরং একটি দীর্ঘ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হয়ে ওঠেন।
ইসলামে যুক্ত হয়ে বদলে যায় ইতিহাসের দৃষ্টিভঙ্গি।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বুথ বলেন, ইসলাম গ্রহণের পর তার ইতিহাসের ধারণা বদলে গেছে। আগে তার ইতিহাসের ভাবনা ছিল ইংল্যান্ডের রানি ও রাজাদের কেন্দ্র করে। কিন্তু মুসলিম হওয়ার পর তা মহানবী হজরত মুহাম্মদ (সা.), তার বংশধারা ও জীবনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে।
ফিলিস্তিন সফর, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ এবং পরবর্তী সময়ে তুরস্কে বসবাসের অভিজ্ঞতা তার চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। ইস্তাম্বুলের বড় বড় মসজিদ, মানুষের আচার-আচরণ এবং পারিবারিক জীবন তাকে মুগ্ধ করেছে। পশ্চিমা নাগরিক হিসেবে তুরস্কের মানুষ ও অটোমান সাম্রাজ্য সম্পর্কে আগে তার অনেক ভুল ধারণা ছিল। পরে সেসব বিষয়ে নতুন করে জানার চেষ্টা করেছেন। এমনকি অটোমান ইতিহাস নিয়ে ভিডিও তৈরির উদ্যোগও নিয়েছেন। বুথ জানান, ব্রিটেন, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে ইসলাম গ্রহণ করা নতুন মুসলমানদের মধ্যেও তুরস্কের প্রতি আগ্রহ বাড়ছে।
ইসলাম গ্রহণের পরও নানা চ্যালেঞ্জ
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম গ্রহণের পর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন লরেন বুথ। তিনি জানান, ইসলাম গ্রহণের পর মূলধারার গণমাধ্যমে নিজের অবস্থান হারানো, আর্থিক সংকট এবং সংবাদমাধ্যমের শিরোনামে উপহাসের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে এসব অভিজ্ঞতা তাকে নিজের বিশ্বাস ও আদর্শের পক্ষে আরো দৃঢ়ভাবে কথা বলতে অনুপ্রাণিত করেছে।
মুসলিম নারীদের জীবন ও অধিকার প্রসঙ্গে বুথের বক্তব্য হলো, নারীর প্রতি নিপীড়ন ও বৈষম্যের সবকিছুকে ইসলামের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। অনেক ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পুরুষতান্ত্রিক সামাজিক রীতিনীতির প্রভাবও রয়েছে।
ইরানের সম্মেলনে অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক।
এদিকে ২০১৮ সালে ইরানের মাশহাদ শহরে অনুষ্ঠিত নিউ হরাইজন সম্মেলনে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়েছিলেন লরেন বুথ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সম্মেলনটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সকে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য নিয়োগের সুযোগ করে দিয়েছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে সম্মেলনটির আয়োজক সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
তবে বুথ বা সম্মেলনে অংশ নেওয়া অন্য ব্রিটিশ ব্যক্তিরা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন কিংবা দেশটির গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন—এমন কোনো প্রমাণিত হয়নি। এই অভিযোগের সমালোচনা করে বুথ পক্ষপাতদুষ্ট অবস্থান বলেছেন।
সব মিলিয়ে লরেন বুথের জীবন ও অভিজ্ঞতা পশ্চিমা সমাজে ইসলাম সম্পর্কে প্রচলিত ধারণা, মুসলিম নারীদের অবস্থান এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। তার ভাষ্য ও অভিজ্ঞতায় উঠে এসেছে, কোনো ধর্ম বা সম্প্রদায় সম্পর্কে শুধু গণমাধ্যমের উপস্থাপনার ওপর নির্ভর না করে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বাস্তবতার ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন