প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। তিনি নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন। আকবর আলী ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
ফ্র্যাঞ্চাইজিটি আকবরকে দলে নেওয়ার প্রক্রিয়াটি একটি অভিনব উপায়ে প্রকাশ করেছে। তারা সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে এই সাইনিংয়ের বার্তা দেয়।
আকবর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন। ফাইনালে চাপের মুখে তার দায়িত্বশীল ব্যাটিং দলকে ট্রফি এনে দিয়েছিল। টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান সংগ্রহ করা এই ক্রিকেটার এবারই প্রথম বিদেশের লিগে নিজের নাম লেখাতে যাচ্ছেন।
নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরে আকবরের সঙ্গে মাঠ মাতাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। পোখারা অ্যাভেঞ্জার্স তাকে দলে ভিড়িয়েছে।
এনপিএলের তৃতীয় আসর আগামী ১৭ নভেম্বর শুরু হবে, যা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের বাকি দলগুলো হলো, বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স ও সুদূর পশ্চিম রয়্যালস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন