প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কর্মী নিয়োগের প্রেক্ষাপটে অস্থায়ী কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিচতলায় আয়া, সুইপার, ওয়ার্ডবয় ও অন্যান্য পদে কর্মরত নিয়োগবঞ্চিত কর্মচারীরা এ কর্মসূচি পরিচালনা করেন। এ সময় তারা ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
কর্মচারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসে তারা মাসে মাত্র দুই হাজার টাকা বেতনে অস্থায়ীভাবে কাজ করে আসছিলেন। তাদের বলা হয়েছিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। সেই আশায় অনেকেই বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে সেবা দিয়ে আসছেন। কিন্তু তাদের কাউকে কিছু না জানিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়া, সুইপার, ওয়ার্ডবয় ও অন্যান্য পদে ২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সকালে নতুন নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে যোগ দিতে এলে দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা হাসপাতালের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
হাসপাতালে দীর্ঘ ১৫ বছর ধরে আয়ার কাজ করা লাকি বেগম বলেন, "আমি এই হাসপাতালে মাত্র দুই হাজার টাকা বেতনে ১৫ বছর ধরে আয়ার কাজ করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কিন্তু হঠাৎ করেই নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জানানো হয়নি। উল্টো আমাদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। আমরা এই অবিচার মেনে নেব না। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে।"
হাসপাতালে দীর্ঘদিন ধরে ক্লিনারের কাজ করা নোমান বলেন, "মিথ্যা আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের নামমাত্র বেতনে কাজ করিয়েছে। অথচ আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে ২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আমাদের প্রাপ্য ছিল। আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেব।"
এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, "আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন যে ২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান এইচআরডির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই।"
তিনি আরো বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী জনবল নিয়োগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করে। পরে ওই প্রতিষ্ঠান নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি নিয়োগ দেওয়া বা কাউকে চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমাদের কিছু করার সুযোগ ছিল না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন