প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হলেও তিনি এখনও পুরনো কর্মস্থল ত্যাগ করেননি। গত ২২ নভেম্বর তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তিনি নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিন পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ নিয়ে ডিএসসিসির কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু কর্মকর্তার মতে, বদলির আদেশের পরও কর্মস্থল না ছাড়ার বিষয়টি সরকারের নির্দেশনা উপেক্ষা করার সমতুল্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।
ডিএসসিসিতে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তার ভূমিকা ও প্রভাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার, দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ অধিশাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের কর্মকর্তার অবমুক্তির বিষয়টি তারা দেখে থাকে। এটা মন্ত্রণালয় করে না।’
তবে মনোয়ার হোসেন জানিয়েছেন, ডিএসসিসি থেকে অবমুক্তির ছাড়পত্র না পাওয়ায় তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি।
এ বিষয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘আমি রবিবার এক ঘণ্টা অফিসে ছিলাম। তিনি অফিস করেছেন কি না, সেটা জানা নেই। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীই সব হবে। খোঁজ নেব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন