প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে নামার আগে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা খুঁজে পেয়েছেন।
তিনি মনে করেন, বিশ্বকাপের নক আউট পর্যায়ে শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা বা ফাটল স্পষ্টভাবে দেখা গেছে। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চলতি বিশ্বকাপে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমে ইয়াকিন বলেন, ‘আমরা খেলবো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। এমন সুযোগের চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তবে গত দুই ম্যাচে তাদের পারফরমেন্সে এটিও স্পষ্ট হয়েছে, আর্জেন্টিনা কিছুটা দুর্বল।’
আর্জেন্টিনা শেষ ৩২-এ কেপ ভার্দেকে এবং শেষ ১৬তে মিশরকে ৩-২ গোলের ব্যবধানে হারায়। বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের বিরুদ্ধে জিততে নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। মিশরের বিরুদ্ধে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১৩ মিনিটে তিন গোল করে বর্তমান চ্যাম্পিয়নরা জয়ের স্বাদ পায়।
যদিও শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা দেখতে পেয়েছেন, তবুও ইয়াকিন প্রতিপক্ষকে সম্মান করে বলছেন, ‘আমার মনে হয় আমরা প্রতিপক্ষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছি।
কৌশলগত দিক থেকে ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে তারা। তবে তাদের চাপে ফেলার ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো নিয়ে পরিকল্পনা সাজাবো আমরা।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ড রোমাঞ্চিত জানিয়ে ইয়াকিন বলেন, ‘সুইজারল্যান্ডের মতো একটি দেশের জন্য আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। তাই প্রত্যাশাও অনেক বেশি। সেমিফাইনাল নিশ্চিত করার স্বপ্ন নিয়ে দল মাঠে নামবে।’
শেষ ৩২-এর ম্যাচে সহজেই জয় পায় সুইজারল্যান্ড। আলজেরিয়াকে তারা ২-০ গোলে হারায়। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা। কখনও বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি সুইজারল্যান্ড।
বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে সুুইজারল্যান্ডের রেকর্ড ভালো নয়। আগের দুই লড়াইয়ে হেরেছে তারা। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ গোলে সুইজারল্যান্ড হেরেছে।
মোট সাতবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। এর মধ্যে পাঁচটিতে হার ও দু’টিতে ড্র করেছে সুইসরা।
সেমিফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন