প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর, ১৭ অক্টোবর ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ শনিবার বেলা ১১টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় শেখ ফরিদ আহমেদ মানিক উল্লেখ করেন, "বাংলাদেশ সবার, এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে।" তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, "কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, উস্কানি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যাতে সফল হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।" ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করা কিংবা কারো ওপর অন্যায়-অবিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুষ্কৃতিকারীরা যেন কোনো অন্যায় কর্মকান্ডের মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় বক্তৃতা করেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্যসচিব আমান উল্যাহ পাটওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহাজাহান খান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন