প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়ায় ফেরার পথে একটি মাছ ধরার ট্রলার কর্ণফুলি নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে, যার ফলে দুই জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ট্রলারে থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ উদ্দিন সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চারদিন আগে তারা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কেনার উদ্দেশ্যে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় গিয়েছিলেন। ট্রলারটি কেনার পর রোববার রাতে তারা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। ফেরার পথে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে পৌঁছালে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তখন পেছনে থাকা একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে তাদের ট্রলারটি নদীতে ডুবে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন এবং পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে মিরাজ ও শরীফের নিখোঁজের ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় স্বজনরা অপেক্ষা করছেন। নিখোঁজ দুই জেলেকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্য ও স্বজনরা।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, "আমি বিষয়টি জানতে পেরেছি। আমরা সদরঘাট থানার সাথে কথা বলে নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন