প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ইতিহাসচর্চা ও শিক্ষা বিস্তারের ইতিহাসে যে কজন ক্ষণজন্মা মনীষী তাদের মেধা ও শ্রমের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অধ্যাপক কে. আলী (কাওসার আলী) অন্যতম। খুলনার ডুমুরিয়া উপজেলার একটি নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করে তিনি তার অনবদ্য লেখনী ও ইতিহাস গবেষণার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ ও সাবলীল ভাষার ব্যবহার করে তিনি পথিকৃৎ হিসেবে পরিচিত হন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদ ১৯২২ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ‘কাগজী পাড়া’ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ কেরামত আলী। চার ভাই ও দুই বোনের মধ্যে কাওসার আলী ছিলেন সবার ছোট। পারিবারিক পরিবেশ থেকেই তিনি শৃঙ্খলা ও জ্ঞানচর্চার প্রাথমিক অনুপ্রেরণা লাভ করেন।
কাওসার আলীর শিক্ষাজীবনের সূচনা নিজ এলাকাতেই ঘটে। সাহস ইউনিয়নে বসবাসরত তার বোন জোহরা বেগমের তত্ত্বাবধানে তিনি মধ্যপাড়া মাইনর স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে খুলনা শহরে যান এবং খুলনা মডেল হাইস্কুলে ভর্তি হন।
পরবর্তীতে তিনি বাগেরহাটের ঐতিহ্যবাহী প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৪১ সালে এসএসসি ও ১৯৪৩ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কলকাতায় গমন করে ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম.এ. (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
১৯৪৭ সালে এম.এ. পাস করার পর ১৯৪৮ সালের অক্টোবরে খুলনার দৌলতপুর বি.এল. কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন, যা তার বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা করে। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বি.এল. কলেজের নামকরণ: ১৯০২ সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী দৌলতপুরে ‘হিন্দু একাডেমী’ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে হাজী মুহাম্মদ মহসিন ট্রাস্ট এই প্রতিষ্ঠানে ৪০ একর জমি দান করে। ১৯৪৪ সালে ব্রজলাল চক্রবর্তীর মৃত্যুর পর এর নাম হয় ‘ব্রজলাল হিন্দু একাডেমী’। অধ্যাপক কে. আলীর প্রস্তাবনা ও উদ্যোগেই সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সর্বজনীনভাবে ব্রজলাল কলেজ (বি.এল. কলেজ)’ রাখা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা: দৌলতপুরে অবস্থানকালে তিনি নারী শিক্ষার প্রসারে দৌলতপুর মহসিন গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৫৮ সালে নারায়ণগঞ্জ তোলারাম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত সেখানে কর্মরত থাকাকালীন স্বল্প সময়ের মধ্যেই তিনি মরগ্যান প্রাইমারি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।
অধ্যক্ষের দায়িত্ব পালন: ১৯৬১ সালে তিনি কুড়িগ্রাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
অধ্যাপনা চলাকালীন অধ্যাপক কে. আলী উপলব্ধি করেন যে, জটিল ভাষার কারণে সাধারণ শিক্ষার্থীরা ইতিহাস পাঠে আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষার্থীদের এই সমস্যা দূর করতে তিনি সহজ, বোধগম্য ও সাবলীল ভাষায় ইতিহাস গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন।
তার প্রথম প্রকাশিত গ্রন্থ ইংরেজিতে A Study of Islamic History এবং বাংলায় ‘ইসলামের ইতিহাস’ প্রকাশের সাথে সাথেই সারাদেশে এবং আন্তর্জাতিক মহলে অভাবনীয় সাড়া ফেলে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি গভীর গবেষণায় মগ্ন হন এবং একের পর এক কালজয়ী ইতিহাস গ্রন্থ রচনা করেন।
তার ইতিহাস বিষয়ক গ্রন্থগুলো অন্তর্ভুক্ত: A Study of Islamic History, ইসলামের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস, পাক-ভারতের ইতিহাস (সাধারণ ইতিহাস নামে খ্যাত), পাক-ভারতের মুসলমানদের ইতিহাস, মুসলিম সংস্কৃতির ইতিহাস। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক- Bangladesh: A New Nation। জীবনী ও অন্যান্য রচনা- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী গ্রন্থ, একটি আরব শিশুর কাহিনী (রম্য রচনা)।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের পর তিনি পূর্বে রচিত ইতিহাস গ্রন্থগুলোতে বাংলাদেশের অভ্যুদয় ও মুক্তিযুদ্ধের বিভীষিকাময় ঘটনাসমূহ সংযোজন ও পরিমার্জন করে নতুন সংস্করণ প্রকাশ করেন। পাশাপাশি ‘Bangladesh: A New Nation’ গ্রন্থটি রচনার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরেন। তার রচিত গ্রন্থসমূহ আজও দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়।
শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি পূর্ণকালীনভাবে পুস্তক রচনা ও প্রকাশনার কাজে মনোনিবেশ করেন। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে ও সুলভ মূল্যে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ঢাকায় আলী পাবলিকেশন নামে একটি প্রকাশনা সংস্থা (বুক ফার্ম) প্রতিষ্ঠা করেন।
শিক্ষানুরাগী এই মানুষটি ব্যক্তিগত প্রচারের আড়ালে থেকে সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজ তহবিল থেকে নিয়মিত বৃত্তির ব্যবস্থা করেছিলেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই মনীষী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকার ওয়ারীস্থ নিজ বাসভবনে ১৯৯৯ সালের ৯ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার জ্ঞানগর্ভ লেখনী ও শিক্ষা বিস্তারের অবদান বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।
লেখক: মানবাধিকারকর্মী ও চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন