প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরার চেষ্টা করতে গিয়ে পুলিশ প্রতিবেশী নরেশ বিশ্বাস (২৪) নামের একজনকে আটক করেছে। নরেশকে পরে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে নরেশকে আটক করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আটক হওয়া নরেশ বিশ্বাস পেশায় নাপিত।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস বিভিন্ন কর্মসূচি আয়োজন করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে আসছিলেন। সম্প্রতি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে একটি প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করেন সুকেশ এবং কয়েকজন ছাত্রলীগ নেতা। ওই অনুষ্ঠানের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।
পুলিশ সুকেশকে ধরার জন্য তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি পালিয়ে গেলে, নরেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, নরেশ একজন নাপিত এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা দাবি করেন, তাকে কখনো কোনো রাজনৈতিক মিছিল বা সভা-সমাবেশে দেখা যায়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভাঙ্গুড়া থানায় দায়ের করা অষ্টমনিষা বিস্ফোরক মামলায় নরেশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন