প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে চাষিরা মরিচ চাষ করে লোকসানের মুখে পড়েছেন, কারণ তারা অতিরিক্ত দাম পাওয়ার আশায় অন্য ফসল বাদ দিয়ে মরিচ চাষ করেছেন। সার সংকট, কিটনাশক এবং বেশি দামে শ্রমিক নিয়োগের কারণে তারা বিড়ম্বনায় পড়েছেন।
চাষিরা জানিয়েছেন, সার সংকট এবং কীটনাশকের দাম বৃদ্ধি তাদের সমস্যা তৈরি করেছে। এছাড়া, শ্রমিকদের উচ্চ মূল্যের কারণে মরিচ চাষ করে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় তারা বড় ধরনের লোকসানে পড়ছেন।
কৃষি অফিসের সূত্রে জানা গেছে, সারের কোথাও সংকট নেই। চাষিরা নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণ সার ব্যবহার করছেন। কৃষি অফিস জানিয়েছে, তারা সারের সরবরাহ বজায় রেখেছে।
জানা গেছে, জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ এবং সদর উপজেলার মেষ্টা, কেন্দুয়া, আড়ংহাটি অঞ্চলের চাষিরা কাঁচা মরিচের চাষে মনোনিবেশ করেছেন। আগে এই জমিতে তারা সবজি চাষ করতেন। মরিচ চাষে অতিরিক্ত লাভের আশায় তারা এবার মরিচ চাষ করেছেন।
চাষিরা জানান, এই অঞ্চলে অস্থির ওয়ান, অস্থির চমক, পাতা সিট, ছাকাতা এবং কারেন্ট হট জাতের মরিচ চাষ হয়।
মরিচ চাষী আব্দুল আউয়াল বলেন, এ বছর ইউরিয়া সারের সংকট দেখা দেয়ায় তারা সমস্যায় পড়েছেন। অনেক চাষিকে ১৩০০ টাকার সার ২০০০ টাকায় কিনতে হয়েছে। আবার অনেকেই কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষেতে সার দিতে পারেননি, ফলে কোথাও কোথাও ফলনের বিপর্যয় ঘটেছে।
আলাউদ্দিন জানান, মরিচে ৫ বার সার দিতে হয়, কিন্তু সার আসে এক দেড় মাস পর পর। এভাবে সার এনে কীভাবে আবাদ করবেন?
এদিকে, বাজারগুলোতে পাইকাররা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে মরিচের দাম একেবারে কম। বর্তমানে মরিচ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি বস্তায় তাদের ৩০০ টাকা লোকসান হচ্ছে। দাম মুহূর্তে ওঠানামা করছে; ১২ টাকা কেজি বলে ১০ টাকা দাম দিচ্ছে। গাছ থেকে প্রতি মণ মরিচ বাজারে নিয়ে যেতে খরচ হয় ৭০০ টাকা।
পাইকাররা মরিচের বাজার থেকে কম দামে কেনার কথা স্বীকার করে জানিয়েছেন, গাড়ি ভাড়া এবং তেলের দাম বেশি হওয়ার কারণে এক কেজি মরিচে ৭ টাকা খরচ হচ্ছে। ১৫ টাকা কেজিতে মরিচ কিনে রাজধানীতে ২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে চিকন মরিচের দাম কিছুটা বেশি, কারণ তার আমদানি কম।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, ‘এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে।’
তিনি চাষিদের সার সংকটের অভিযোগের বিষয়ে বলেন, ‘সারের কোথাও সংকট নেই। চাষিদের নির্ধারিত ডোজের বেশি পরিমাণ সার দেয়া হয়েছে। আমরা সমতা বজায় রেখে সার দিচ্ছি।’
তিনি বাজারে দাম নিয়ে বলেন, ‘উৎপাদন বেশি হওয়ায় দাম কিছুটা কম। তবে কৃষকদের পরামর্শ হলো মরিচ পাকিয়ে ফেললে দাম একটু বেশি পাবেন।’
এ বছর জেলায় মরিচের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৫৩০ হেক্টর জমিতে। কিন্তু মরিচের আবাদ বৃদ্ধির কারণে ৭ হাজার ২১৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে; যা লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় এক হাজার হেক্টর বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন