প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার তিন কৃতি সন্তান জেলার নীতিনির্ধারণী ও উন্নয়নের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এঁরা হলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈরের তিনজনের এই সাফল্যে পুরো উপজেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। চায়ের দোকান, হাটবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, গাজীপুর-১ আসনের আওতাধীন বাকি তিনটি মেট্রো থানা- বাসন, কোনাবাড়ী ও কাশিমপুরের বাসিন্দাদের মধ্যে উন্নয়নবঞ্চিত হওয়ার কিছুটা শঙ্কা দেখা দিলেও তিন শীর্ষ নেতার আশ্বাসে তা কাটতে শুরু করেছে।
সংসদ সদস্য মো. মজিবুর রহমান: গাজীপুর-১ আসন চার থানা নিয়ে গঠিত, যার মধ্যে কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর অন্তর্ভুক্ত। তিনি কালিয়াকৈরের বাসিন্দা। আইন প্রণয়ন, উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, "আমি শুধু কালিয়াকৈরের এমপি নই; চার থানারই এমপি। কেউ উপেক্ষিত থাকবে না, উন্নয়নে কোনো বৈষম্য হবে না।"
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল: নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প এলাকার আধুনিকায়নের দায়িত্ব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুলও কালিয়াকৈরের বাসিন্দা। উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, "গাজীপুরের উন্নয়নের মানচিত্র শুধু কালিয়াকৈর থেকে নয়, পুরো জেলা থেকেই আঁকা হবে। কোনাবাড়ীর যানজট, কাশিমপুরের জলাবদ্ধতা ও বাসনের ভাঙা রাস্তা-সবই আমার মাথায় আছে।"
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী: জেলার গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের সমন্বয়ে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে দায়িত্ব পালন করছেন কালিয়াকৈরের আরেক সন্তান ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, "আমার বাড়ি কালিয়াকৈর হতে পারে, কিন্তু দায়িত্ব পুরো গাজীপুর জেলার। কোনো এলাকাকে বঞ্চিত করে কালিয়াকৈরকে এগিয়ে নেওয়া হবে না। সবাই সমান সুবিধা পাবে।"
সুষম উন্নয়ন ও শ্রমিকদের দাবি
গাজীপুর-১ আসনের চার থানার যাতায়াত ও অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং কোনাবাড়ী-কাশিমপুর-বাসন সড়ক। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "তিনটি বড় পদ কালিয়াকৈরের হাতে যাওয়া গর্বের বিষয়। তবে এই গর্ব তখনই সার্থক হবে, যখন কোনাবাড়ীর ভাঙা রাস্তা সংস্কার হবে, কাশিমপুরের জলাবদ্ধতা দূর হবে, বাসনের যানজট কমবে এবং কালিয়াকৈরের মহাসড়ক নিরাপদ হবে।" তিনি তিন শীর্ষ নেতাকে পরিবহন শ্রমিকদের সঙ্গে বসে সড়ক, স্ট্যান্ড ও যাত্রী নিরাপত্তায় একটি সুষম পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।
কালিয়াকৈরের এক প্রবীণ বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "একসময় কালিয়াকৈরকে পিছিয়ে পড়া এলাকা বলা হতো। আজ জেলার তিনটি বড় দায়িত্ব এলাকার সন্তানদের হাতে- এটি পরম গর্বের।" তবে পোশাকশিল্প অধ্যুষিত কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানার বাসিন্দাদের কণ্ঠে শোনা গেছে সমান উন্নয়নের দাবি।
কোনাবাড়ীর এক বাসিন্দা বলেন, "সব নেতা কালিয়াকৈরের হওয়ায় তাঁদের এলাকার রাস্তা, জলাবদ্ধতা, যানজট ও গ্যাস-পানির সমস্যার সমাধানে সমান গুরুত্ব দেওয়া জরুরি।" কাশিমপুর ও বাসনের বাসিন্দারাও এলাকাভিত্তিক উন্নয়নের পরিবর্তে পুরো আসনের সমন্বিত উন্নয়নের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তিনটি শীর্ষ পদ একই উপজেলায় আসা কালিয়াকৈরের জন্য যেমন গর্বের, তেমনি এই তিন নেতার জন্য একটি বড় পরীক্ষাও। কাজের মাধ্যমেই তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা কেবল কালিয়াকৈরের নন, পুরো গাজীপুর-১ আসনের অভিভাবক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন