প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং টেকসই পর্যটনকে কেন্দ্র করে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। এই মেলা তিন দিনব্যাপী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মেলা। বিটিটিএফের ১৪তম আসর হিসেবে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় ২০টির বেশি দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান অন্তর্ভুক্ত রয়েছে।
মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০ জনের বেশি প্রদর্শক এবং ২৫০ জনের বেশি সম্ভাব্য বাণিজ্যিক ক্রেতা অংশগ্রহণ করবেন। আয়োজকদের প্রত্যাশা, মেলায় ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম ঘটবে। চারটি থিমভিত্তিক প্রদর্শনীতে ২০০টির বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশগ্রহণ করবে।
এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফ মন্তব্য করেন, বিটিটিএফের পূর্ববর্তী ১৩টি আয়োজনের ধারাবাহিকতায় এই মেলা দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।
এবারের মেলার এয়ারলাইনস পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্ল্যাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, জিডিএস পার্টনার সেবার, পিআর পার্টনার ইমপ্যাক্ট কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি, ট্রান্সপোর্ট পার্টনার কনভে সার্ভিস এবং ডিজিটাল পার্টনার মায়েস্ট্রো। অডিওভিজ্যুয়াল পার্টনার হিসেবে রয়েছে প্যানোরামা পিসি ক্রিয়েটরস ও রুচি।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার এবং আন্তর্জাতিক পর্যায়ে এ খাতের যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে টোয়াব। এবারের বিটিটিএফ থেকে পর্যটন ব্যবসায় নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন