প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেক খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। জন্মদিন, বিয়ে কিংবা যেকোনো আনন্দ আয়োজনে কেক যেন অবিচ্ছেদ্য অংশ। স্বাদ এবং সৌন্দর্যের পাশাপাশি কেক নিয়ে মানুষের সৃজনশীলতারও কোনো শেষ নেই। কেউ তৈরি করেন বিশাল আকৃতির কেক, আবার কেউ ইচ্ছা করেই বানান অদ্ভুত দেখতে কেক।
কখনও সাজসজ্জার ভুল, কখনও অস্বাভাবিক নকশা, আবার কখনও বিশাল আকারের কারণে একটি কেক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। দেখতে অদ্ভুত হলেও এসব কেকের পেছনে রয়েছে মজার গল্প।
আজ ২৬ নভেম্বর, কেক দিবস। এ উপলক্ষে জেনে নেওয়া যাক বিশ্বের পাঁচটি বিচিত্র কেকের গল্প।
দেখতে গোবরের মতো, নাম ‘পুপ কেক’
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকার নারী কেটি স্বামীর ৪০তম জন্মদিনে বিশেষ একটি আইসক্রিম কেক তৈরি করতে চেয়েছিলেন। কেকের ওপর চকলেট এবং বিস্কুটের ক্রিম দিয়ে সুন্দর নকশা করার পরিকল্পনা ছিল তার।
কিন্তু সাজানোর পর দেখা গেল, কেকটি দেখতে অনেকটা গোবরের স্তূপের মতো! বিষয়টি দেখে নিজেই হাসিতে ফেটে পড়েন কেটি। তার সন্তানরাও কেকটির নাম দেয় ‘পুপ কেক’।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেকটির ছবি প্রকাশের পর শুরু হয় হাসি-ঠাট্টা। তবে মজার বিষয় হলো, দেখতে যেমনই হোক, কেকটি খেতে বেশ সুস্বাদু ছিল। শেষ পর্যন্ত স্বামীও কেকটি পছন্দ করেন।
জন্মদিনে ৬ হাজার পাউন্ডের গাজরের কেক
জন্মদিনে সাধারণত কয়েক পাউন্ডের কেকই যথেষ্ট। কিন্তু কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টেড মার্টিনডেল নিজের ৮০তম জন্মদিনে তৈরি করিয়েছিলেন প্রায় ৬ হাজার ৪৪ পাউন্ড ওজনের বিশাল এক গাজরের কেক।
কেকটি ছিল ১৭ ফুট বাই ১৭ ফুট আকারের। এটি তৈরিতে ব্যবহার করা হয় ১ হাজার ৭৬০ পাউন্ডের বেশি গাজর, ৭০০ পাউন্ড মাখন, হাজার হাজার ডিম এবং প্রায় ২ হাজার পাউন্ড মিষ্টি প্রলেপ।
৪৩০টি আলাদা কেক তৈরি করে সেগুলো একসঙ্গে জুড়ে বানানো হয় বিশাল এই আয়োজন। স্থানীয় একটি প্রবীণদের কেন্দ্রে জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের পরিবেশন করা হয় কেকটি।
কুৎসিত ভেড়ার কেকই হয়ে উঠল জনপ্রিয়
কেক মানেই সুন্দর সাজসজ্জা, আকর্ষণীয় নকশা এবং নিখুঁত পরিবেশনা। তবে যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি কেকের দোকান ঠিক এর উল্টো পথে হেঁটে আলোচনায় আসে।
এপ্রিল ফুল উপলক্ষে তারা তৈরি করে অদ্ভুত দেখতে একটি ভেড়ার কেক। কেকটির চোখ ছিল গোলগাল এবং উল্টো-পাল্টা, দাঁতগুলোও বেখাপ্পা। গায়ে ধূসর রঙের ক্রিম এমনভাবে লাগানো হয়েছিল, যেন গলে পড়ছে। দেখতে অনেকটা ভৌতিক চরিত্রের মতো।
মজা করার উদ্দেশ্যে তৈরি কেকটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দোকানটি। কিন্তু গ্রাহকেরা কেকটি দারুণ পছন্দ করেন। পরে সেটি বিক্রির সিদ্ধান্ত নেয় দোকানটি। চাহিদা এত বেশি ছিল যে দ্রুতই সব কেক বিক্রি হয়ে যায়।
দোকানটির ভাষ্য অনুযায়ী, মজার একটি উদ্যোগ শেষ পর্যন্ত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে ওঠে।
কেকের ওপর লেখা হলো পুরো নির্দেশনাই!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চেলসি কার্ন স্বামীর জন্মদিনে একটু ভিন্নধর্মী কেক উপহার দিতে চেয়েছিলেন। তিনি একটি কেকের দোকানে তিমির আদলের জনপ্রিয় ‘ফাডজি দ্য হোয়েল’ কেকের অর্ডার দেন।
কেকের ওপর বড় অক্ষরে গোলাপি রঙে ‘দৌড়াও’ লেখার অনুরোধ ছিল তার। লেখাটি যেন বড় হাতের অক্ষরে এবং কিছুটা ভীতিকর দেখায়, এমন নির্দেশনাও দিয়েছিলেন।
কিন্তু কেক প্রস্তুত হওয়ার পর দেখা গেল, দোকানের কর্মী শুধু ‘দৌড়াও’ লেখেননি, বরং তার দেওয়া পুরো নির্দেশনাটিই কেকের ওপর লিখে দিয়েছেন! ফলে কেকের ওপর লেখা হয়ে যায়, ‘দৌড়াও (বড় অক্ষরে, সম্ভব হলে ভীতিকরভাবে)’।
ভুলসহ পুরো লেখাটি দেখে হাসিতে ফেটে পড়েন চেলসি এবং তার স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর তা প্রায় এক কোটি মানুষের নজর কাড়ে।
৩৩ কেজির কেক, কাটলে হবে ৩৫০ টুকরা
কেকের আকার নিয়ে প্রতিযোগিতা যেন শেষ হওয়ার নয়। ফিনল্যান্ডের তুর্কু শহরের একটি খাবারের দোকানে তৈরি করা হয়েছিল ৩৩ দশমিক ৫ কেজি ওজনের বিশাল এক রুনেবার্গ কেক। এর উচ্চতা ছিল প্রায় ৫৭ সেন্টিমিটার।
কেকটি তৈরি করতে দুই বেকারের সময় লাগে টানা তিন দিন। এটি প্রায় ৩৫০ টুকরা করা সম্ভব।
রুনেবার্গ কেক ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন। দেশটির জাতীয় কবি ইয়োহান লুডভিগ রুনেবার্গের স্মরণে পালিত দিবসের সঙ্গে কেকটি বিশেষভাবে জড়িত। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি ফিনল্যান্ডে রুনেবার্গ দিবস পালিত হয়। সেই উপলক্ষ সামনে রেখে তৈরি করা বিশাল কেকটি স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
কেকের জগতে তাই শুধু স্বাদই শেষ কথা নয়। কখনো অদ্ভুত নকশা, কখনো ভুল লেখা, আবার কখনো বিশাল আকৃতির কারণে একটি কেক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এসব বিচিত্র আয়োজনই প্রমাণ করে, কেক নিয়ে মানুষের সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন