প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। এতে অংশগ্রহণ করে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে আসা প্রায় ৩০ জন লেখক এবং ২৫টি স্টল। লেখক, কবি, প্রকাশক ও পাঠকদের উপস্থিতিতে মেলাটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়।
প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এই বইমেলায় লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে লেখকেরা এতে যোগদান করেন।
এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।
সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আটজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল। বইমেলায় অংশ নেওয়া স্টলগুলোর প্রতিনিধিদেরও প্রশংসাপত্র প্রদান করা হয়।
বইমেলার কর্মসূচিতে কবিতা পাঠ, লেখকদের স্বরচিত লেখা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি নিজেদের লেখা কবিতা পাঠ করেন।
রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।
শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জাহান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা মন্তব্য করেন যে, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এই বইমেলার মূল উদ্দেশ্য।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী ঘোষণা করেন প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন