প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (১৯) নতুন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কোতোয়ালি থানায় পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শুনানি শেষে আদালত এ নির্দেশ প্রদান করে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় কাউসারের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিকে এজলাসেও তোলা হয়নি।
এর আগে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, কাউসারকে গ্রেপ্তারের পর তার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হবে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর কাউসারকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতে হাজির করার জন্য মহানগর জজ আদালতের হাজতখানা থেকে দুই পুলিশ সদস্যের মাধ্যমে পাঠানো হয়। আদালতের কার্যক্রম শেষে অন্য দুই আসামিকে হাজতখানায় ফিরিয়ে নেওয়া হলেও কাউসার ও মাইদুর রহমানকে কাঠগড়ায় রাখা হয়।
এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাতুল ইসলাম তাদের হাতকড়ার এক অংশ কাঠগড়ার গ্রিলের সঙ্গে এবং অন্য অংশ হাতে লাগিয়ে রাখেন। পরে পেশকারের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেলে সেই সুযোগে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন