প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠজুড়ে উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা আর নারীদের দারুণ ফুটবল নৈপুণ্য। এমনই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী)-২০২৬’। ফাইনালে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি জনপদে সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। শুরু থেকেই বিভিন্ন দলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে ফাইনালে জয় তুলে নেয় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসিসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি বলেন, “দীঘিনালার মানুষ খেলাধুলা পছন্দ করেন। আমরা চাই, দীঘিনালা সম্প্রীতি ও সৌহার্দ্যের উদাহরণ হয়ে থাকুক। নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সুপর্ণা চাকমার মতো আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে দীঘিনালার জন্য গৌরব বয়ে আনবে।”
স্থানীয় ক্রীড়াবিদদের মতে, নিয়মিত এমন আয়োজন হলে প্রত্যন্ত এলাকার নারী খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো সম্ভব হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় দীঘিনালায় নারী ফুটবলের নতুন প্রতিভা উঠে আসবে এবং জাতীয় পর্যায়েও তারা নিজেদের অবস্থান তৈরি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন